গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার সরকারকে উদ্দেশে বলেছেন, সবার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে আপনারা ক্ষমতা ছেড়ে চলে যান।
আজ শনিবার বিকেলে শাহবাগের আজিজ সুপার মার্কেটে এক প্রকাশককে কুপিয়ে হত্যা ও লালমাটিয়ায় আরও তিনজনকে কুপিয়ে ও গুলি করে গুরুতর জখম করার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে তিনি এ কথা বলেন।
এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে গণজাগরণ মঞ্চের কর্মী-সংগঠকেরা আজিজ মার্কেটের সামনে যান। মিছিলে ‘যে সরকার নিরাপত্তা দেয় না, সে সরকার চাই না’, ‘যে মন্ত্রী নিরাপত্তা দেয় না, সে মন্ত্রী চাই না’, ‘দীপন তোমায় কথা দিলাম, তোমার খুনের বদলা নেব’-এসব স্লোগান দেওয়া হয়।
ইমরান এইচ সরকার বলেন, এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ব্যর্থতা রয়েছে,তা স্পষ্ট। এটা ভাবার কোনো কারণ নেই যে, এটা শুধু প্রকাশকদের ওপর হামলা। বরং এই মুহূর্তে এ দেশে কেউ নিরাপদ নয়। সুতরাং সবাইকে এর প্রতিরোধে এগিয়ে আসতে হবে।
ইমরান এইচ সরকার আরও বলেন, আগে ব্লগারদের হত্যা করা হচ্ছিল, এখন মুক্তমনা প্রকাশকদেরও হত্যা করা হচ্ছে। বিদেশি নাগরিক কিংবা মায়ের পেটের শিশু কেউই রক্ষা পাচ্ছে না। এর প্রতিবাদে শুধু ছাত্র-লেখক-প্রকাশকদের বেরোলে হবে না। এর বিরুদ্ধে সবাই মিলে প্রতিরোধ গড়ে না তুললে, মুক্তমনা কেউ এ দেশে থাকতে পারবে না। তিনি সবাইকে রাজপথে প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানান।
এ ঘটনার প্রতিবাদে আগামীকাল বিকেলে সারা দেশে বিক্ষোভ সমাবেশ কর্মসূচির ঘোষণা দেন ইমরান এইচ সরকার। কেন্দ্রীয়ভাবে বিকেল তিনটায় শাহবাগে বিক্ষোভ সমাবেশ করা হবে।
আরও পড়ুন :