
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে গতকাল সোমবার থেকে টহলে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পুলিশ, র্যাবসহ বিভিন্ন বাহিনীর তৎপরতাও জোরদার হয়েছে। নির্বাচন সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সঠিকভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
নির্বাচন কমিশনও (ইসি) সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিয়েছে। এসব পদক্ষেপ ও আশ্বাসেও পুরোপুরি সন্তুষ্ট নন অনেক প্রার্থী। তাঁদের কেউ কেউ নির্বাচন ভালো হবে বলে আশার কথা জানালেও শঙ্কাও প্রকাশ করেছেন অনেকে। প্রার্থীদের আশা ও শঙ্কার এই দোলাচল অবস্থায় আজ মঙ্গলবার রাত ১২টায় শেষ হচ্ছে তাঁদের নির্বাচনী প্রচার-প্রচারণা।
পরশু ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ভোট গ্রহণ করা হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতি ছাড়া ভোট গ্রহণ চলবে।
নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে নারায়ণগঞ্জ নগরে গতকাল ২২ প্লাটুন (৩০ জনে এক প্লাটুন) বিজিবি মোতায়েন করা হয়েছে। সন্ত্রাসী ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ অভিযান জোরদার হয়েছে। ভোটকেন্দ্রগুলোর আশপাশে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং গতকাল
রাত ১২টায় বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ ও মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নগরে ঢোকার ও বের হওয়ার পথগুলোতে বিশেষ নিরাপত্তাচৌকি বসানো হয়েছে।
গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যথাযথ ভূমিকার ওপর সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন বহুলাংশে নির্ভর করে। বাহিনীগুলো সঠিকভাবে দায়িত্ব পালন করলে নির্বাচন সুষ্ঠু করা সম্ভব হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী গতকাল সাংবাদিকদের বলেন, এই নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করবে না। এর আগে ১৫ ডিসেম্বর নারায়ণগঞ্জে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেন, নারায়ণগঞ্জ সিটি নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং সবার কাছে গ্রহণযোগ্য হবে। এটি একটি অনুকরণীয় (মডেল) নির্বাচন হবে।
এসব পদক্ষেপ ও আশ্বাস অনেক প্রার্থীকে ভালো নির্বাচনের ব্যাপারে আশাবাদী করছে। তবে প্রার্থীদের শঙ্কা পুরোপুরি কাটছে না। তাই সবার চাওয়া নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়।
আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘আমার একমাত্র চাওয়া নির্বাচন যেন অবাধ ও সুষ্ঠু হয়। নির্বাচনে কোনো অনিয়ম বা নির্বাচন নিয়ে কেউ যেন ষড়যন্ত্র করতে না পারে। আমি সব সময় বলেছি, এর জন্য কমিশনের যা যা দরকার সে অনুযায়ী করা উচিত। কমিশনের ব্যবস্থা কতটা কার্যকর, সেটা ভোটের দিনই বোঝা যাবে। সুষ্ঠু নির্বাচনের জন্য যেকোনো পদক্ষেপের প্রতি আমার সমর্থন আছে।’ তিনি গতকাল নন্দীপাড়ায় গণসংযোগকালে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির মেয়র পদপ্রার্থী সাখাওয়াত হোসেন খানকে উদ্দেশ করে বলেন, ‘সরকারি দলের প্রার্থী হয়েও আমি বারবার সুষ্ঠু নির্বাচনের কথা বলছি। উনি কি একবারও বলেছেন? এবার আপনারাই বুঝে নেন এই নির্বাচনে তিনি কার কী ধরনের সহায়তা নিচ্ছেন।’
অবশ্য সাখাওয়াত হোসেন খান নির্বাচন সুষ্ঠু করতে বিজিবি মোতায়েনসহ বিভিন্ন পদক্ষেপকে হাস্যকর বলে মন্তব্য করেছেন। তিনি গতকাল প্রথম আলোকে বলেন, বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে। অর্থাৎ, ঘটনা ঘটার পর তারা ঘটনাস্থলে আসবে। কিন্তু দরকার ছিল কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে ঘটতে না পারে, সে জন্য ব্যবস্থা নেওয়া। তিনি সুষ্ঠু নির্বাচনের জন্য সেনা মোতায়েনের দাবি পুনর্ব্যক্ত করেন।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মেয়র পদপ্রার্থী মাহবুবুর রহমান ইসমাইল মনে করেন, যে নিরাপত্তা প্রদর্শনী হচ্ছে, তাতে মানুষের আতঙ্ক ও সন্দেহ দূর হবে না। এর জন্য সরকারি দল ও সরকার দায়ী। তাঁর দাবি, বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর পক্ষে ভোট কেনার জন্য টাকা দেওয়া হচ্ছে। এটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।
বিকেলে নগরে ২২ প্লাটুন বিজিবি মোতায়েনের পরপরই তারা বিভিন্ন এলাকায় টহল দেয়। ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে নির্বাচনে সবচেয়ে স্পর্শকাতর এলাকা সিদ্ধিরগঞ্জে। শহরে সাত প্লাটুন ও বন্দরে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়া পুলিশের সাত হাজারের বেশি সদস্য, অস্ত্রধারী আনসার সদস্য, আনসার-ভিডিপি, র্যাব, কোস্টগার্ড সদস্যরা দায়িত্ব পালন করবেন।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার প্রথম আলোকে বলেন, ‘কমিশন সব ধরনের প্রস্তুতি নিয়েছে। আশা করি এই নির্বাচন সুষ্ঠু হবে।’ তিনি বলেন, ১৩৭টি কেন্দ্রে বিশেষ নজর দেওয়া হবে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন বলেন, ভোটের দিন প্রার্থীদের কর্মী-সমর্থকদের দিকে পুলিশ নজর রাখবে। কেউ যেন কোথাও নির্বাচনকে প্রভাবিত করতে না পারে, সেদিকে পুলিশ সতর্ক দৃষ্টি রাখবে।
বহিরাগতদের প্রচার বন্ধ: আজ থেকে কোনো দলের নেতা-কর্মীরা নারায়ণগঞ্জে গিয়ে প্রচার-প্রচারণা চালাতে পারবেন না। দলীয় প্রতীকে নির্বাচন হওয়ার কারণে এই নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন দলের কেন্দ্রীয় নেতারা এসে নিজ নিজ প্রার্থীর পক্ষে প্রচারণা চালিয়েছেন।