নিরাপত্তা-সতর্কতার বিষয়টি রুটিন ওয়ার্ক: মার্শা বার্নিকাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্শা বার্নিকাট। ফাইল ছবি
মার্শা বার্নিকাট। ফাইল ছবি

বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা-সতর্কতা জারির বিষয়টি নিয়মিত কাজ (রেগুলার অ্যান্ড রুটিন ওয়ার্ক) বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।
আজ সোমবার বিকেলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে তাঁর মন্ত্রণালয়ের কার্যালয়ে এক বৈঠকে বার্নিকাট এ মন্তব্য করেন বলে মন্ত্রী পরে সাংবাদিকদের জানান। খবর বাসসের।
বৈঠক শেষে সাংবাদিকদের মন্ত্রী বলেন, মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সরকারের প্রচেষ্টাকে ইতিবাচক ও সন্তোষজনক বলে জানিয়েছেন। তিনি (মার্শা বার্নিকাট) বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা চায়। দেশ দুটির মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে। যুক্তরাষ্ট্র এ সম্পর্ক আরও জোরদার করতে চায়।
ওবায়দুল কাদের বলেন, ‘অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতার বিষয়ে আমরাও তাঁদের আশ্বস্ত করেছি। আমি বলেছি, আমরাও যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরাজমান সম্পর্ক আরও উন্নত জায়গায় নিয়ে যেতে চাই।’