নিরুত্তাপ বিএনপি কার্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি:
ফাইল ছবি:

কার্যালয়ে সামনের রাস্তায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে জনা বিশেক পুলিশ। পাশে দুটি সাঁজোয়া যান। কার্যালয়ের নিচতলায় শুয়ে-বসে থাকা আরও জনা বিশেক পুলিশ। তিনতলার একটি কক্ষে আট-দশজন নেতা-কর্মীর আড্ডা। পাশের সম্মেলন কক্ষে এক গণমাধ্যমকর্মীর ফেসবুকে অলস আনাগোনা। তিন মাস পর খোলা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আজ রোববার দুপুরের চিত্র এটি।

গতকাল শনিবার রাত পৌনে আটটার দিকে কার্যালয়ের তালা কেটে ভেতরে ঢোকেন বিএনপি নেতা-কর্মীরা। এর আগে গত ৩ জানুয়ারি বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে কার্যালয় থেকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ। এর পর থেকে তালাবদ্ধ ছিল কার্যালয়টি। আর সামনে ছিল সার্বক্ষণিক পুলিশি পাহারা।

আজ দুপুর আড়াইটার দিকে বিএনপি কার্যালয়ে গিয়ে দেখা যায় শুধুমাত্র বিএনপি কার্যালয়ের সামনে নয়, কার্যালয়ের পার্শ্ববর্তী নাইটিঙ্গেল মোড় থেকে শুরু করে ফকিরাপুল মোড় পর্যন্ত রাস্তার দুপাশে প্রতিটি গলির প্রবেশমুখেই পুলিশের সতর্ক পাহারা রয়েছে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আদালত থেকে ফেরার পথে নয়াপল্টনের কার্যালয়ে যাওয়ার সম্ভাবনা আছে-এমন খবরে আজ সকাল থেকে কার্যালয়ের আশপাশে নেতা-কর্মীদের আনাগোনা ছিল। বেশ কয়েকজন গণমাধ্যমকর্মীও গিয়েছিলেন সেখানে। তবে শেষ পর্যন্ত খালেদা জিয়া সেখানে যাননি। দুপুরে বিএনপির নয়াপল্টনের কার্যালয়ের সামনে একটি বেসরকারি টেলিভিশনের প্রতিবেদক ও ক্যামেরপারসনকে অলস সময় কাটাতে দেখা গেল। তাঁরা অফিসে ফেরার গাড়ির জন্য অপেক্ষা করছিলেন।

দোতলার চেয়ারপারসনের কক্ষসহ অন্য কক্ষগুলো বন্ধ অবস্থায় ছিল। তিনতলার সম্মেলন কক্ষে একটি অনলাইন বার্তা সংস্থার একজন সংবাদর্মীকে ল্যাপটপে ফেসবুক ব্যবহার করতে দেখা গেল। ওই কক্ষের পাশে দলের দাপ্তরিক কাজে ব্যবহৃত হয় এমন একটি কক্ষে ঢুকে কয়েকজন নেতা-কর্মীকে আড্ডা দিতে দেখা গেল।

তাঁদের একজন জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম-সম্পাদক মো. শাজাহান মিয়া জানালেন, আজ দলীয় কার্যালয়ে দলের গুরুত্বপূর্ণ কোনো নেতা যাননি। তবে আজ সকালে দলের সহ দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন কার্যালয়ে গিয়েছিলেন। এ ছাড়া বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য রফিকুল ইসলাম, আবেদ রাজা, সাবেক সংসদ সদস্য শিরিন জাহানসহ বেশ কিছু নেতা-নেত্রী আজ সকাল থেকে বিভিন্ন সময়ে নয়াপল্টনের কার্যালয়ে যান।
শাজাহান মিয়াসহ উপস্থিত কয়েকজন দাবি করলেন, আজ দুপুর একটার দিকে সরদার নুরুজ্জামান নামে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক এক সহসভাপতিকে ধরে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে বিএনপি কার্যালয়ের সামনে আজ সকাল থেকে কর্মরত পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. সোলাইমান ও মো. জাহের এ ধরনের কিছু ঘটেনি বলে দাবি করেন।