নিরুত্তাপ হরতালে প্রায় স্বাভাবিক জনজীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল ডেকে মাঠে নেই জামায়াতে ইসলামী ও এর ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। রাজধানীর কয়েকটি স্থানে কেবল লোক দেখানো মিছিল করে দ্রুতই সটকে পড়েন তাঁরা। কোনো তৎপরতা না থাকায় হরতালকে কেন্দ্র করে রাজধানী ও বাইরের জেলাগুলোতে তেমন কোনো সহিংস ঘটনা ঘটেনি। তাই জনজীবনও ছিল অনেকটা স্বাভাবিক।
তবে নীলফামারীতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে হরতাল-সমর্থকদের বিক্ষিপ্ত সংঘর্ষে কিছু লোক আহত হন। নাশকতা সৃষ্টির আশঙ্কাসহ বিভিন্ন ঘটনায় জামায়াত-শিবিরের বেশ কয়েকজন কর্মীকে আটক করেছে পুলিশ।
মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে সংগঠনটির ডাকা দুই দফায় ৪৮ ঘণ্টা হরতালের শেষ দিন ছিল গতকাল রোববার।
নিজস্ব প্রতিবেদক জানান, গতকাল দ্বিতীয় দিনে হরতাল-সমর্থকদের চেয়ে হরতালবিরোধীদেরই অনেক বেশি সক্রিয় থাকতে দেখা গেছে। রাজধানীতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরা বিভিন্ন স্থানে অবস্থান নেন। করেন মিছিল-সমাবেশও।
মিরপুরে হরতাল-সমর্থক অভিযোগে ছাত্রশিবিরের চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে দুটি ককটেল ও এক বোতল পেট্রল জব্দ করা হয়েছে। মতিঝিল, রামপুরা, মোহাম্মদপুরসহ কয়েকটি স্থানে ঝটিকা মিছিল করেন হরতাল-সমর্থকেরা। তবে এসব মিছিল রাস্তায় কয়েক মিনিট স্থায়ী ছিল। সংবাদকর্মীরা ছবি তোলা ও ভিডিও ধারণের কাজ শেষ করার সঙ্গে সঙ্গে তাঁরাও স্থান ত্যাগ করেন।
হরতাল চলাকালে গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মোহাম্মদপুরের নূরজাহান রোডে ককটেল বিস্ফোরণে বেনজীর আহমেদ চঞ্চল নামের একজন পথচারী আহত হয়েছেন। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। তবে এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
ট্রেন, বিমান ও লঞ্চ চলাচল ছিল স্বাভাবিক। কমলাপুর রেলস্টেশন থেকে নির্ধারিত সব ট্রেন ছেড়ে গেছে। ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের উদ্দেশে লঞ্চগুলোও ছেড়ে যায়। ঘাটে বিভিন্ন জেলা থেকে আসা লঞ্চও ভেড়ে। তবে মহাখালী, গাবতলী ও সায়েদাবাদ থেকে দূরপাল্লার বাস ছেড়ে যায়নি।
রাজধানীর ভেতরে গণপরিবহনের চলাচলও ছিল প্রায় স্বাভাবিক। সিএনজি, টেম্পো ও অন্যান্য যানবাহন চলেছে। তবে রাস্তায় ব্যক্তিগত গাড়ি ছিল অনেক কম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এসবের চলাচলও বেড়ে যায়। বড় শপিং মলগুলো ছিল খোলা। নাশকতা ঠেকাতে গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ছিল উপস্থিতি।
রাজশাহী: সকালে শিবিরের কর্মীরা কেদুর মোড়, দাসপুকুর ও সোনাদীঘি মোড়ে রাস্তায় টায়ারে আগুন দিয়ে ও পটকা ফুটিয়ে আতঙ্ক তৈরির চেষ্টা করেন। তবে পুলিশ আসার আগেই পালিয়ে যান তাঁরা। হামলার আশঙ্কায় বাস চলাচল বন্ধ থাকে।
নীলফামারী: হরতাল শুরুর আগের দিন শনিবার রাতে ডিমলা উপজেলার খালিশাচাঁপানী ইউনিয়নের ছোটখাতা ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যক্ষ আফজালুল হকের নেতৃত্বে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা হরতালের সমর্থনে রাত আটটার দিকে মিছিল নিয়ে ডালিয়া বাজারে ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুরের চেষ্টা চালান। এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।
আহত ব্যক্তিদের মধ্যে খালিশাচাঁপানী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদেরসহ ১০ জনকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী বলেন, এ ঘটনায় পাইকারটারী ও পূর্ণারঝাড় গ্রাম থেকে হেলালুর রহমান, কবিরুল ইসলাম ও আবদুল লতিফ নামে জামায়াতের তিন কর্মীকে আটক করা হয়েছে। তাঁদের গতকাল সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মঠবাড়িয়া (পিরোজপুর): দেলাওয়ার হোসাইন সাঈদীর বাড়ি পিরোজপুরের জিয়ানগর উপজেলায়ও জেলার অন্যান্য স্থানের মতোই পিকেটিং-মিছিল চোখে পড়েনি। গত বৃহস্পতিবারের হরতালেও নীরব ছিলেন এখানকার হরতাল-সমর্থকেরা। এ ব্যাপারে উপজেলা জামায়াতের আমির হাবিবুর রহমান দাবি করেন, ‘জনসাধারণ আমাদের ডাকা হরতাল সমর্থন করায় পিকেটিংয়ের প্রয়োজন হয়নি।’
দুপচাঁচিয়া (বগুড়া): দুপচাঁচিয়া উপজেলায় ঢিলেঢালাভাবে পালিত হয়েছে হরতাল। কাহালুতে হরতাল-সমর্থকেরা বিক্ষোভ মিছিল করেন।
সাতক্ষীরা: হরতালে গতকাল কোথাও পিকেটিং বা মিছিল-সমাবেশের খবর পাওয়া যায়নি।