স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী (এলজিআরডি) খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সারা বিশ্বে স্থানীয় সরকার নির্বাচন হয় দলীয়ভাবে। নির্দলীয় নির্বাচন করে সামরিক শাসকেরা। তাদের কোনো দল নেই। তারা নির্দলীয়ভাবে নির্বাচন করে ক্ষমতায় টিকে থাকতে চায়।
গতকাল রোববার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) সংলাপে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ‘দেশে এত দিন স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়ভাবে হয়ে আসছে। এটা নিয়মের মধ্যে পড়ে না। আমরা এত দিন অনিয়মের মধ্যে ছিলাম। এখন নিয়মের মধ্যে আসছি। দলীয়ভাবেই স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত। সেটাই আমরা করছি।’
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, নির্বাচন সুষ্ঠু হবে এতে কোনো সন্দেহ নেই। যাদের মনে শঙ্কা আছে, তারা যদি নির্দিষ্ট করে শঙ্কার কারণ বলে, তা নিরসনের চেষ্টা করা হবে। বিএনপিকে পৌরসভা নির্বাচনের বাইরে রাখতেই নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কাউকে নির্বাচনের বাইরে রাখতে চায় না সরকার। বরং সবাইকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার জন্যই স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে করার ব্যবস্থা করা হয়েছে।
জেলা পরিষদ নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমরা পরীক্ষামূলকভাবে জেলা পরিষদকে চালানোর ব্যবস্থা করছি। আইন অনুযায়ী আটজন সংসদ সদস্যের এলাকায় একজন নির্বাচিত হবেন। তিনি কোন পদ্ধতিতে, কীভাবে নির্বাচিত হবেন, সরাসরি ভোটে হবেন, না অন্যভাবে হবেন—এটা নিয়ে অনেক বিতর্ক আছে, আমরা একটু বিচার-বিবেচনা করছি। এরপর একসময় হয়তো নির্বাচনে যাব।’
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দেনার বিষয়ে মন্ত্রী বলেন, ‘হোল্ডিং ট্যাক্সসহ বিভিন্ন খাত থেকে তাদের আয়ের পদ্ধতি বের করতে হবে। আগের প্রশাসকেরা কিছু বেশি খরচ করে গেছে, এভাবে আর করতে দেওয়া হবে না। আমরা কিছুটা সহায়তা করার চেষ্টা করব।’
মন্ত্রী বলেন, ‘আমরা ভূগর্ভস্থ পানি বেশি ব্যবহার করে ফেলেছি। এ জন্য কোনো কোনো স্থানে পানির স্তর ১০ মিটার নিচে নেমে গেছে, তার মানে ভূগর্ভস্থ পানি বিপজ্জনক পর্যায়ে চলে গেছে। আমাদের এখানে বৃষ্টি বেশি হওয়ায় কিছু হলেও ভূগর্ভস্থ পানির স্তর রিচার্জ হচ্ছে। এখন ভূ-উপরিতলের পানি ঘিরে আমাদের পানি সরবরাহ নীতি গ্রহণ করছি।’
বিএসআরএফের সভাপতি শ্যামল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এম এ কাদের সরকার, বিএসআরএফের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান ও সংগঠনের সদস্যরা।