নির্দলীয় সরকার না হলে ভয়ংকর পরিণতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা যেনতেন প্রকারে ক্ষমতা ধরে রাখতে চান। আগামী নির্বাচনও তিনি ৫ জানুয়ারির নকশায় করতে চান। কিন্তু জনগণ তা হতে দেবে না। নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠনের লক্ষ্যে কাজ করুন। না হলে ভয়ংকর পরিণতি অপেক্ষা করছে।
গতকাল বৃহস্পতিবার যশোরে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রিজভী এসব কথা বলেন। যশোর প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন রুহুল কবির রিজভী।
অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। তবে সে নির্বাচন এই সরকারের অধীনে হবে না। নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন হবে।’ তিনি এই সরকার গঠনের লক্ষ্যে কাজ করার জন্য আওয়ামী লীগ সরকারের প্রতি আহ্বান জানান। অন্যথায় ভয়ংকর পরিণতির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
অসুস্থতার কারণে অনুষ্ঠানের প্রধান অতিথি তরিকুল ইসলাম সংক্ষিপ্ত বক্তৃতা করেন। তিনি বলেন, ‘বর্তমান সরকারের রাষ্ট্র পরিচালনায় ন্যূনতম অভিজ্ঞতা নেই। অভিজ্ঞতা রয়েছে লুটপাট, চুরি আর ছিনতাইয়ের।
জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামসুল হুদা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন দলটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম, জয়ন্ত কুমার কুণ্ডু ও অমলেন্দু দাস, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় জ্যেষ্ঠ সহসভাপতি মোস্তাফিজুর রহমান প্রমুখ।