নির্দেশনা অমান্য করে নৌকায় ভোট প্রার্থনা
নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত ও নির্দেশনা অমান্য করে বগুড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিমের পক্ষে আজ বুধবার থেকেই নৌকা মার্কায় ভোট চেয়ে প্রচারণা শুরু হয়েছে।
১৪ ডিসেম্বরের আগে কোনো প্রার্থী দলীয় প্রতীকে ভোট চাইতে পারবেন না—এমন সিদ্ধান্তের কথা আজই আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয় নির্বাচন কমিশন। অথচ বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মেয়র প্রার্থী রেজাউল করিমের পক্ষে শহরজুড়ে সিএনজিচালিত অটোরিকশা যোগে মাইকিং করে নৌকা মার্কায় ভোট চেয়ে প্রচারণা চালানো হয়।
বিকেল পাঁচটার দিকে শহরের সাতমাথা থেকে শেরপুর সড়কে নৌকা মার্কায় ভোট চেয়ে একাধিক মাইকে প্রচারণা চালাতে দেখা গেছে। ‘মন্টু ভাইয়ের (রেজাউল করিম) সালাম নিন, নৌকা মাকায় ভোট দিন’ রেকর্ড করা এই স্লোগান মাইকে প্রচার করতে শোনা গেছে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আজ ঢাকায় নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদের সভাপতিত্বে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে কমিশনের সচিব সিরাজুল ইসলাম গণমাধ্যমকে জানান, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে এবারই প্রথম দলীয় প্রতীকে পৌর নির্বাচন হচ্ছে। দলীয়ভাবে যাঁরা নির্বাচন করছেন, তাঁদের প্রতীক রয়েছে। কিন্তু স্বতন্ত্র প্রার্থীরা এখনো প্রতীক বরাদ্দ পাননি। বৈষম্য ঠেকাতে ১৪ ডিসেম্বর প্রতীক বরাদ্দের আগে কেউ দলীয় প্রতীকে ভোট চেয়ে প্রচারণা চালাতে পারবে না বলে সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
কমিশনের এই সিদ্ধান্তের পরও দলীয় প্রতীকে ভোট চেয়ে মাইকিং করে প্রচারণা চালানো প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ‘প্রতীক বরাদ্দের পর আজ থেকে প্রচারণা চালাতে আইনগত কোনো বাধা নেই। এ কারণে তিন-চারটি মাইকে প্রচারণা শুরু করা হয়েছে। কমিশন অন্য কোনো সিদ্ধান্ত নিয়ে থাকলে সেটা এখনো আমাকে কেউ জানাননি।’
বগুড়া পৌরসভার ভারপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হায়াত উদ দৌলা খান প্রথম আলোকে বলেন, ‘নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ১৪ ডিসেম্বরের আগে কেউ দলীয় প্রতীকে ভোট চেয়ে প্রচারণা চালাতে পারবেন না। সিদ্ধান্ত লঙ্ঘন করে দু একজন প্রার্থী মাইকে প্রচারণা চালাচ্ছেন বলে জেনেছি। খোঁজখবর নিয়ে আচরণবিধি লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’