নির্ধারিত স্থানে ইফতার হয়নি, তবে করেছে অপর পক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল জেলা বিএনপি পূর্বঘোষণা অনুযায়ী গতকাল শনিবার তাদের নির্ধারিত স্থানে ইফতার পার্টি করতে পারেনি। পরে সেই জায়গায় ইফতার করেছে দলটির অপর পক্ষ। এ কাজে পুলিশ অপর পক্ষকে সহায়তা করে বলে অভিযোগ করেছেন জেলা বিএনপির নেতারা।

এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ওসি নাজমুল হক ভূঁইয়া বলেন, ‘আমরা কাউকে চলে যেতেও বলিনি, কাউকে সহায়তাও করিনি। শুধু মুখোমুখি হলে দুপক্ষকে সরিয়ে দিয়েছি।’

দলীয় সূত্রে জানা যায়, সম্প্রতি কেন্দ্র ঘোষিত টাঙ্গাইল জেলা বিএনপি প্রশাসনের অনুমতি নিয়ে প্রথমে স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যানে ইফতার পার্টির উদ্যোগ নেয়। শেষ মুহূর্তে গত শুক্রবার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ইফতার পার্টি পৌর উদ্যানে না করে কোনো মিলনায়তনে করার কথা বলা হয়। পরে তারা শহরের রেজিস্ট্রিপাড়ায় সিলমি কমিউনিটি সেন্টারে ইফতার পার্টি স্থানান্তর করে। দলটির অপর পক্ষ শুক্রবার মিছিল ও সমাবেশ করে একই স্থানে ইফতার পার্টি করার ঘোষণা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়।

স্থানীয় বিএনপির কয়েকজন নেতা বলেন, গতকাল সকাল থেকে তাঁরা সিলমি কমিউনিটি সেন্টারে ইফতারের আয়োজন শুরু করেন। বেলা তিনটার দিকে অপর পক্ষ পৌর উদ্যান থেকে সিলমি কমিউনিটি সেন্টার অভিমুখে মিছিল শুরু করে। এর আগে পুলিশের পক্ষ থেকে জেলা বিএনপির নেতাদের সিলমি কমিউনিটি সেন্টার থেকে চলে যেতে বলা হয়। তাঁরা চলে গেলে অপর পক্ষ এসে কমিউনিটি সেন্টারে অবস্থান নেয়। জেলা বিএনপির নেতারা প্রায় এক কিলোমিটার দূরে সাবালিয়া এলাকায় জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ছাইদুল হকের বাসার সামনের চত্বরে ইফতার পার্টি করেন। অপর পক্ষ কমিউনিটি সেন্টার থেকে সন্ধ্যা ছয়টার দিকে মিছিল নিয়ে সেখানে রওনা হয়। জেলা বিএনপির ইফতার পার্টির স্থল থেকেও এ পক্ষকে প্রতিরোধ করতে কর্মীরা এগোতে থাকেন। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মাঝপথে পুলিশ কুমুদিনী কলেজ মোড়ে অবস্থান নিয়ে উভয় পক্ষকে সরিয়ে দেয়। ফিরে গিয়ে জেলা বিএনপি ছাইদুল হকের বাসার সামনে এবং অপর পক্ষ সিলমি কমিউনিটি সেন্টারে ইফতার করে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বলেন, পুলিশ তাঁদের নির্ধারিত স্থানে ইফতার পার্টি করতে না দিয়ে সেখানে প্রতিপক্ষকে ইফতার পার্টি করতে দিয়েছে। সরকারি দলের সঙ্গে আঁতাত করে দলের কিছু বিভ্রান্ত নেতা ঐক্য বিনষ্ট করছেন।

দলীয় সূত্র জানায়, গত ২৬ মে কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি করা হয় শামসুল আলম তোফাকে। সাধারণ সম্পাদক করা হয় ফরহাদ ইকবালকে। প্রতিপক্ষের অভিযোগ, যাঁদের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়েছে, তাঁরা দলের দায়িত্ব পালনে অযোগ্য। এ ছাড়া নানা অভিযোগে ঘোষিত কমিটির সহসভাপতি আলী ইমাম ও হাসানুজ্জামিল, যুগ্ম সম্পাদক খন্দকার আহমেদুল হক ও সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী সংবাদ সম্মেলন করে কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দেন।

অপর পক্ষের নেতা হাসানুজ্জামিল শাহীন বলেন, অযোগ্য ব্যক্তিদের নেতৃত্বে বসানো হয়েছে। তাঁদের যেকোনো কর্মসূচি প্রতিহত করা হবে।