নির্বাচন এখন একটি প্রকল্প: খসরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আগে কেড়ে নিতে দিন। কত দিন কেড়ে নেবে আমরা দেখি। বাংলাদেশের মানুষ নিজেদের অধিকার সম্পর্কে খুবই সজাগ।’

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে কারচুপি হলে বিএনপি কী করবে, এমন প্রশ্নের উত্তরে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এ কথা বলেন। রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্বাধীনতা হলে আজ সোমবার বেলা পৌনে একটায় এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচন এখন একটা প্রকল্পে পরিণত হয়েছে। এই প্রকল্পের কাজ জনগণকে বাইরে রেখে ক্ষমতা দখল করা। এই প্রকল্প এখন চলছে।

জনগণের প্রতি জবাবদিহি না থাকলে বিচার বিভাগের স্বাধীনতা দেশে সম্ভব নয় উল্লেখ করে বিএনপি নেতা বলেন, বিচার বিভাগের স্বাধীনতার জন্য দেশে নাগরিক অধিকার প্রতিষ্ঠা ও নির্বাচিত সংসদের প্রয়োজনীয়তা আছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল ‘নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের প্রয়োজনীয়তা ও নাগরিক আলোচনা’ শীর্ষক এই সভার আয়োজন করে।

আলোচনায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুকোমল বড়ুয়া বলেন, নির্বাচন যদি বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়, তাহলে নির্বাচন করে কী হবে। তিনি নারায়ণগঞ্জে সুষ্ঠু নির্বাচন করে সরকার দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা করেন।

সভায় বিএনপির ভাইস প্রেসিডেন্ট আহমেদ আজম খান, বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সেক্রেটারি হুমায়ুন কবির বেপারী, ডেমোক্রেটিক লীগের (ডিএল) মহাসচিব সাইফুদ্দিন আহমেদ মনি প্রমুখ বক্তব্য দেন।