পাবনার বেড়া উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) পাঁচটিতেই চেয়ারম্যান পদে বিদ্রোহী থাকায় আওয়ামী লীগ যেখানে বেকায়দায়, সেখানে নির্বাচনের শুরুতে বিএনপি ছিল অনেকটাই সুবিধায়। ৩ মার্চ প্রতীক বরাদ্দের পর থেকে আওয়ামী লীগ প্রার্থীর সঙ্গে বিদ্রোহী প্রার্থীর উত্তেজনা অব্যাহত থাকায় একক প্রার্থী নিয়ে ফুরফুরে মেজাজে ছিল বিএনপি।
কিন্তু নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই কোণঠাসা হয়ে পড়ছেন বিএনপির প্রার্থী ও সমর্থকেরা। তাঁদের অভিযোগ, আওয়ামী লীগ প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি তো মানছেনই না, উল্টো প্রচারে বাধা দেওয়া হচ্ছে। এমনকি অনেক প্রার্থীকে ভোটারদের কাছে যেতে দেওয়া হচ্ছে না এবং প্রচারের সময় হামলা চালানো হচ্ছে। এ অবস্থায় সুষ্ঠু নির্বাচন নিয়ে দুশ্চিন্তায় রয়েছে বিএনপি। একই আশঙ্কায় রয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীরা।
জাতসাখিনী ইউপির বিএনপির প্রার্থী আবদুল গণি ফকির অভিযোগ করেন, ১১ মার্চ রাতে সিন্দুরী গ্রামে প্রচার চালানোর সময় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী রেজাউল হক মিয়ার কর্মী-সমর্থকেরা তাঁদের ওপর হামলা চালান। এতে অন্তত ১৫ জন আহত হন। ভাঙচুর করা হয় তাঁদের ছয়টি মোটরসাইকেল। তাঁর ওপর এ ধরনের হামলা আরও হয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি ও কৈটোলা ইউপি নির্বাচনে বিএনপির প্রার্থী আনিসুর রহমান অভিযোগ করেন, প্রচার চালানোর সময় কয়েকবার তাঁর কর্মী-সমর্থকদের ওপর হামলা হয়েছে। এ ছাড়া আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকেরা ব্যাপক ভয়ভীতিও দেখাচ্ছেন।
উপজেলা বিএনপির সহসভাপতি ও মাসুমদিয়া ইউপির বিএনপির প্রার্থী সামছুর রহমান বলেন, ‘১১ মার্চ দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে আলোচনা করার সময় আওয়ামী লীগ প্রার্থী লোকজন নিয়ে এসে আমাদের ওপর হামলা করেন। এতে আমার
তিনজন কর্মী আহত হন। আমার সব পোস্টার আওয়ামী লীগ প্রার্থীর লোকজন ছিঁড়ে ফেলেছে। কোথাও প্রচারণায় গেলেই তারা হামলা করছে, ভয়ভীতি দেখাচ্ছে। এ অবস্থায় পালিয়ে পালিয়ে প্রচারণা চালাতে হচ্ছে।’
গত বুধবার পাবনা প্রেসক্লাবে জেলা ও উপজেলা (বেড়া) বিএনপি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করে। সেখানে অভিযোগ করা হয়, সরকারদলীয় ব্যক্তিরা উপজেলার নয়টি ইউনিয়নে, বিশেষ করে মাসুমদিয়া, জাতসাখিনী, কৈটোলা, পুরান ভারেঙ্গা, ঢালারচর ইউনিয়নে বিএনপি প্রার্থীদের প্রচারণার সময় হামলা চালাচ্ছে, ভয়ভীতি দেখাচ্ছে। বেশ কিছু হামলার ঘটনা উল্লেখ করে প্রতিকারের আশায় প্রধান নির্বাচন কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হলেও তাঁরা কোনো ব্যবস্থা নেননি।
এদিকে গত ১৫ দিনে উপজেলার চারটি ইউপিতে আওয়ামী লীগ ও একই দলের বিদ্রোহী প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও হামলায় আহত হয়েছেন প্রায় ৫০ জন। এর মধ্যে ৩ ও ৪ মার্চ ঢালারচরে আওয়ামী লীগ প্রার্থী কোরমান আলী সরদার ও বিদ্রোহী প্রার্থী নাছিরুদ্দিন ব্যাপারীর সমর্থকদের সংঘর্ষে ২০ জন; ৯ ও ১০ মার্চ রূপপুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী আবুল হাশেম ও বিদ্রোহী প্রার্থী নূরুল ইসলাম মোল্লার সমর্থকদের সংঘর্ষে ১৫ জন এবং ১১ মার্চ আওয়ামী লীগ প্রার্থী ফারুখ হোসেনের সমর্থকদের হামলায় বিদ্রোহী প্রার্থী শামীমুল ইসলামের ১০ জন সমর্থক আহত হন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রইজউদ্দিন বলেন, ‘আমাদের প্রার্থী-সমর্থকদের ওপর যেভাবে হামলা চালানো হচ্ছে, ভয়ভীতি দেখানো হচ্ছে, তাতে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা প্রশাসনের সহায়তা কামনা করি।’
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল কাদের বলেন, ‘আমরাও শান্তিপূর্ণ ও নিরপেক্ষ ভোট চাই। তবে বিএনপির ঢালাও অভিযোগ সত্য নয়।’
বেড়া-সাঁথিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জাকির হোসাইন বলেন, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন যাতে অনুষ্ঠিত হয়, সে জন্য পুলিশ সর্বদা তৎপর রয়েছে।