নির্বাচন এলে সংলাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগ ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদলকে বলেছে, সংলাপের আগে অবশ্যই সন্ত্রাস বন্ধ করতে হবে। সন্ত্রাস ও সংলাপকে এক করা যাবে না। তবে দলটি এ-ও বলেছে, নির্বাচনের সময় এলে তার আগে কথা বলা যাবে। তবে তা অবশ্যই হতে হবে গণতান্ত্রিক কাঠামোর মধ্যে।
গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে সফররত ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকারবিষয়ক উপকমিটির তিন সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে আওয়ামী লীগের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদলের বৈঠক হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন। বেলা তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত এ বৈঠক হয়।
আওয়ামী লীগের প্রতিনিধিদলে ছিলেন দলীয় সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জমির, যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা ফারুক খান, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ ও উপপ্রচার সম্পাদক অসীম কুমার উকিল।
ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদলে ছিলেন ক্রিশ্চিয়ান দান প্রেদা, ক্যারল ক্রাসকি ও ইয়োসেফ ভেইডোন হোলজার।
সংবাদ ব্রিফিংয়ে গওহর রিজভী আরও বলেন, দলের পক্ষ থেকে প্রতিনিধিদলকে বলা হয়েছে, এই মূহূর্তে সরকার সন্ত্রাস বন্ধ করা ছাড়া আর কিছু চিন্তা করছে না। সন্ত্রাস-সহিংসতা বন্ধ হলেই সংলাপ হতে পারে। সন্ত্রাস বন্ধ না হলে কোনো আলোচনা হবে না।
গওহর রিজভী বলেন, নির্বাচনের সময় এলে তার আগে আলোচনা হবে। নির্বাচনের পদ্ধতি, নির্বাচন কমিশনকে কীভাবে শক্তিশালী করা যায় বা আরও কিছু নিয়ম নিয়ে কথাবার্তা হতে পারে। তবে অবশ্যই এ আলোচনা হতে হবে গণতান্ত্রিক কাঠামো ও সংবিধানের মধ্যে। গওহর রিজভী বলেন, বৈঠকে বলা হয়েছে, সন্ত্রাস কমে গেছে। আশা করা যায়, আরও কমে যাবে।