নির্বাচন এলেই হিন্দু নির্যাতন হয়: হিন্দু মহাজোট
দেশে নির্বাচন এলেই তা হিন্দু নির্যাতনে পরিণত হয়। গত সংসদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে নানা অপ্রীতিকর ঘটনায় হিন্দু সম্প্রদায়ের অনেকেই দেশ ছেড়েছে। গতকাল শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নেতারা।
হিন্দু জোটের নেতারা দেশে হিন্দু সম্প্রদায়ের জন্য জাতীয় সংসদে ৬০টি সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচনব্যবস্থা করার দাবি জানান। একই সঙ্গে নেতারা সব পৌর ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য ২০ শতাংশ কোটা সংরক্ষণেরও দাবি জানান।
সংবাদ সম্মেলনের মূল প্রবন্ধে হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, খুনি গ্রেপ্তার ও শাস্তি না হওয়ায় জনগণ বিশ্বাস করতে বাধ্য হচ্ছে, সরকার ইচ্ছা করেই এই খুনিচক্রের মূলোৎপাটন করছে না। তিনি আরও বলেন, হিন্দু সম্প্রদায় জীবনের ঝুঁকি নিয়ে বাড়িঘর, মন্দির হারিয়ে যাঁদের ভোট দিয়ে সংসদে পাঠায়, তাঁরা হিন্দু সম্প্রদায়ের ওপর নিপীড়নের বিষয়ে কোনো ভূমিকা রাখেন না।
হিন্দু মহাজোটের ঝিনাইদহ জেলা শাখার নেতা সুভাষ চন্দ্র সাহা বলেন, ঝিনাইদহ জেলায় হিন্দুদের ২০ একর জমি ও দিঘি এবং লিচুবাগান স্থানীয় আওয়ামী লীগের নেতা এবং প্রশাসনের লোকেরা মিলে লুটপাট করছে। অথচ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো কিছু করেননি। হিন্দু নারীরা এখন নিরাপত্তার অভাবে হাতের শাঁখা খুলে ও সিঁদুর মুছে চলাফেরা করেন বলে তিনি অভিযোগ করেন।
হিন্দু সমাজ সংস্কারক সমিতির নেতা সোমনাথ দে বলেন, ২৬ লাখ একর হিন্দু সম্পত্তি রাষ্ট্রীয়ভাবে দখল করা হয়েছে। রাষ্ট্র যদি হিন্দুদের রক্ষায় পদক্ষেপ নিত, তাহলে এখন যে হিন্দু নির্যাতন হচ্ছে, তা বন্ধ হতো। ভোটে আওয়ামী লীগের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে লড়াইয়ে বলি হচ্ছে হিন্দুরা।
হিন্দু মহাজোটের আন্তর্জাতিক সম্পাদক রিপন দে বলেন, ‘রানা দাশগুপ্তকে ভারতীয় দালাল বলা হচ্ছে। কিন্তু এই দেশে শেখ হাসিনা, খালেদা জিয়া কি ভারতীয় দালাল নন?’ তিনি বলেন, এরপর আক্রমণ হলে পাল্টা প্রতিরোধ গড়ে তোলার জন্য তিনি হিন্দু সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।
খুলনার চালনা পৌরসভার সাবেক চেয়ারম্যান অচিন্ত্য মণ্ডল বলেন, ‘এই সরকার আমাদের ভোট পাওয়ার জন্য ব্যবহার করে। কিন্তু ভোটের পরে তারা আমাদের আর খোঁজ নেয় না।’