নির্বাচন কমিশন আস্থা অর্জনে সক্ষম হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন আস্থা অর্জনে সক্ষম হয়েছে। সব রাজনৈতিক দলের অংশগ্রহণের মধ্য দিয়েই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করবে কমিশন। গতকাল শনিবার দুপুরে জামালপুর জেলা নির্বাচন কর্মকর্তার নবনির্মিত সার্ভার স্টেশন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে সিইসি এসব কথা বলেন।
সিইসি বলেন, ‘নির্বাচন কমিশন কুমিল্লায় সঠিক দায়িত্ব পালন করেছে বলেই একটা ভালো নির্বাচন উপহার দিতে পেরেছি। সবাই বলেছে, এমনকি মিডিয়া ও নির্বাচন পর্যবেক্ষকেরাও বলছেন যে কুমিল্লায় একটি ভালো নির্বাচন হয়েছে।’ তিনি বলেন, ‘নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার সময় দেশের মানুষ, এমনকি বহির্বিশ্ব থেকে নির্বাচন কমিশনের প্রতি যে প্রত্যাশা ছিল, আমরা কুমিল্লায় তার প্রতিফলন দেখাতে পেরেছি। রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা না করলে কোনো দিনই সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।’
নির্বাচন কার্যালয়কে ক্ষমতা পরিবর্তনের ঠিকানা উল্লেখ করে সিইসি বলেন, জনগণের ভোটেই সাংসদ, মন্ত্রী ও প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে থাকেন। সুষ্ঠু নির্বাচনের স্বার্থেই নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে সবার সেতুবন্ধন জরুরি।