আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, নির্বাচন কমিশন একতরফা আচরণ করছে। সবার জন্য সমান সুযোগ সৃষ্টিতে (লেভেল প্লেয়িং ফিল্ড) নির্বাচন কমিশনকে আরও কঠোর হতে হবে। বিএনপি ক্ষমতার বাইরে আছে মনে করে তাদের প্রতি সহানুভূতি প্রদর্শন আর সরকারি দলের ওপর খড়্গহস্ত হওয়ার যৌক্তিকতা নেই।
গতকাল সোমবার বিকেলে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হানিফ এসব কথা বলেন। আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়, রোববার বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দেওয়া বক্তব্যের জবাব দেওয়ার জন্যই এই সংবাদ সম্মেলন ডাকা হয়।
খালেদা জিয়া মানসিক ভারসাম্যহীন বলে মন্তব্য করে হানিফ বলেন, ক্ষমতার লোভে তিনি উন্মাদের মতো আচরণ করছেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, ‘আমরা গত কয়েক দিনে দেখেছি, বিভিন্ন জায়গায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আওয়ামী লীগের প্রার্থী এবং নেতাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। যা একতরফা। বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে অনেক অভিযোগ থাকা সত্ত্বেও এখন পর্যন্ত কমিশন কোনো ব্যবস্থা নেয়নি। আমরা অনুরোধ করব, নির্বাচন কমিশন সবার প্রতি সমান আচরণ করবে।’
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন দীপু মনি, আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, আবদুস সোবহান গোলাপ, হাছান মাহমুদ প্রমুখ।