নির্বাচন পেছানোসহ কোনো দাবিই আমলে না নেওয়ায় নির্বাচন কমিশনের কড়া সমালোচনা করেছে বিএনপি। দলটি কমিশনকে ‘অক্ষম’, ‘মেরুদণ্ডহীন’ ও সরকারের প্রতি ‘নতজানু’ বলে মন্তব্য করেছে।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল মঙ্গলবার দুপুরে সংবাদ ব্রিফিংয়ে দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন এই মন্তব্য করেন। তিনি বলেন, ‘পৌর নির্বাচন সামনে রেখে বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে কিছু পর্যবেক্ষণ ও দাবি তুলে ধরা হয়েছিল। কিন্তু আমরা দুঃখের সঙ্গে লক্ষ্য করছি, কমিশন এসব দাবি নিরসনের কোনো পদক্ষেপই নেয়নি।’
এ প্রসঙ্গে বিএনপির মুখপাত্র গত সোমবার নান্দাইলের পৌর মেয়র ও স্থানীয় বিএনপির সহসভাপতি এ এফ এম আজিজুল ইসলামসহ পাবনায় ৯১ জন, দিনাজপুরে ৪ জন, সাতক্ষীরায় ২৫ জন এবং নেত্রকোনায় ২ জনকে গ্রেপ্তার করা হয় বলে জানান। তিনি বলেন, ‘আজিজুল ইসলামকে পুলিশ কোনো কারণ ছাড়াই গ্রেপ্তার করেছে। তিনি এবারও দলের মেয়র প্রার্থীর তালিকায় আছেন। এভাবে গণগ্রেপ্তারের বিষয়ে আমরা প্রশ্ন রাখতে চাই, নির্বাচন কমিশন কী নির্বাচন করতে চায়?’
আসাদুজ্জামান বলেন, নির্বাচনের তারিখ ঘোষণার পর এভাবে মেয়র প্রার্থীদের গ্রেপ্তারে নির্বাচন কমিশন যদি চোখ-কান বন্ধ করে থাকে, তাহলে এ নির্বাচন আদৌ প্রতিযোগিতামূলক হবে না। এই নির্বাচন হবে ৫ জানুয়ারির মতো সরকারের নীলনকশায় ভরপুর একটি নির্বাচন। তিনি বলেন, ‘আমাদের দাবি মূলত ১৫ দিন, পাঁচ দিন, এক মাসের বিষয় ছিল না। আমরা প্রতীকীভাবে ১৫ দিন নির্বাচন পেছানোর কথা বলেছিলাম এ কারণে যে নির্বাচন যদি ১৫ দিন পিছিয়ে দেওয়া হয়, তাহলে যে ৫০ লাখ নতুন ভোটার জানুয়ারির ২ তারিখে হালনাগাদ তালিকায় অন্তর্ভুক্ত হবে, তারা ভোট দানে সক্ষম হবে। এর জন্য যদি এক মাস সময় লাগে, এক মাস লাগত। কিন্তু কমিশন আমাদের সে দাবি গ্রহণ করেননি।’ তিনি বলেন, নির্বাচন কমিশন ভোটার এবং ভোটের তোয়াক্কা করে না। তারা সব সময় সরকারের ইশারায় চলে।
সংবাদ ব্রিফিংয়ে রোববার রাতে মেহেরপুরে ‘বন্দুকযুদ্ধে’ বিএনপির নেতা রমজান শেখ নিহত হওয়ার ঘটনার নিন্দা জানানো হয়। এ ঘটনায় উচ্চপর্যায়ের বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবি জানানো হয়।
ব্রিফিংয়ের সময় উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, কেন্দ্রীয় নেতা আবদুল লতিফ, আসাদুল করীম প্রমুখ।