নির্বাচন কমিশন (ইসি) গঠনের লক্ষ্যে ‘সার্চ কমিটি’ করাকে সরকারের নাটক বলেছে বিএনপি। দলটির দাবি, এই নাটকের পরিচালক আওয়ামী লীগ। তবে দেশের মানুষ এই নাটক দেখে না।
গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির নেতারা এসব কথা বলেন। এ সময় তাঁরা নতুন নির্বাচন কমিশন গঠন-প্রক্রিয়ায় সব রাজনৈতিক দল, সুশীল সমাজের প্রতিনিধিদের যুক্ত করার দাবি জানান।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নবম কারামুক্তি দিবস (১১ সেপ্টেম্বর) উপলক্ষে ঢাকা মহানগর কমিটি এ আলোচনা সভার আয়োজন করে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন নির্বাচন কমিশনের জন্য সার্চ কমিটি বা অন্য কোনো কমিটি গঠনে জনমতের প্রতিফলন ঘটাতে সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, জনমতের বাইরে কোনো কমিটি গঠিত হলে জনগণ তা মেনে নেবে না।
ফখরুল বলেন, ‘আমরা অবশ্যই নির্বাচন চাই। তবে সেটি গণতান্ত্রিক উপায়ে এবং স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে; কোনো গৃহপালিত ইসির (নির্বাচন কমিশন) অধীনে নয়।’ তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘নিজের মতো করে সবকিছু সাজিয়ে নেবেন, তা হবে না। সার্চ কমিটি করেন, আর যে কমিটিই করেন, জনমতের বাইরে গিয়ে কোনো কমিটি এ দেশের মানুষ মেনে নেবে না।’
বিএনপির মহাসচিব বলেন, ‘বাংলাদেশকে বিরাজনীতিকরণের লক্ষ্যে এক-এগারোতে খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় এখন আওয়ামী লীগ রাজনীতিকরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সে জন্য খালেদা জিয়াসহ বিরোধী নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাঁদের রাজনীতি থেকে দূরে রাখার ষড়যন্ত্র হচ্ছে।’
দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ২০১৪ সালের চেয়েও নিকৃষ্ট নির্বাচন করার জন্য সার্চ কমিটি ও নির্বাচন কমিশন গঠনের নামে মুলা ঝোলানো হচ্ছে। শেখ হাসিনা বা রাষ্ট্রপতির অধীনে কোনো নিরপেক্ষ কমিশন গঠিত হতে পারে না।
স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, খালেদা জিয়ার নেতৃত্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের যে আন্দোলন চলছে এবং ভবিষ্যতে হবে, তাতে দলের সর্বস্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে শরিক হতে হবে।
সার্চ কমিটির মাধ্যমে ইসি গঠন-প্রক্রিয়ার সমালোচনা করেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সার্চ কমিটির মাধ্যমে যাঁদের ইসির নেতৃত্বে আনা হয়েছিল, তাঁদের দিয়ে কী নির্বাচন হয়েছে, তা মানুষ দেখেছে। তিনি রাজনৈতিক দল, সুশীল সমাজ এবং নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ইসি গঠনের প্রক্রিয়ায় যুক্ত করার দাবি জানান।
মির্জা আব্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন দলের নেতা নিতাই রায় চৌধুরী, শামসুজ্জামান, মো. শাহজাহান, আবদুল আউয়াল মিন্টু, আবুল খায়ের ভূঁইয়া, খায়রুল কবির, কাজী আবুল বাশার প্রমুখ।
সাংবিধানিকভাবে প্রধান নির্বাচন কমিশনার ও সর্বোচ্চ চারজন কমিশনার নিয়ে কমিশন গঠনের এখতিয়ার রাষ্ট্রপতির। ২০১২ সালে রাষ্ট্রপতি প্রথা ভেঙে নিজস্ব ক্ষমতাবলে অনুসন্ধান কমিটি (সার্চ কমিটি) গঠনের মাধ্যমে বর্তমান কমিশন গঠন করেন। তবে এই অনুসন্ধান কমিটির আইনি কোনো কাঠামো নেই। বর্তমান কমিশনের মেয়াদ শেষ হবে আগামী বছরের ফেব্রুয়ারিতে। এ কারণে আগেরবারের মতো এবারও রাষ্ট্রপতি অনুসন্ধান কমিটি গঠন করবেন কি না, তা নিয়ে আলোচনা চলছে।