নির্বাচন কমিশন ছাড়া কারও সঙ্গে সংলাপ নয়: নাসিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সংলাপের আহ্বান প্রত্যাখ্যান করে বলেছেন, নির্বাচন কমিশন ছাড়া কারও সঙ্গে কোনো সংলাপ হবে না।
রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাসিম এ কথা বলেন। তিনি বলেন, বিএনপির সঙ্গে সংলাপের প্রশ্নই ওঠে না। একমাত্র নির্বাচন কমিশন ছাড়া কারও সঙ্গে কোনো সংলাপ হবে না।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়ার সংবাদ সম্মেলনের বক্তব্য শুনে মনে হয়েছে, ‘উনি ২০১৩ সালের বক্তব্য দিচ্ছেন। ২০১৩ সালে সংলাপের প্রয়োজন ছিল, তাতে কোনো সন্দেহ নেই। শেখ হাসিনা আপনাকে প্রকাশ্যে সংলাপের আহ্বান জানিয়েছিলেন। এটা বাংলার মানুষ জানে।’ তিনি বলেন, খালেদা জিয়া তখন সংলাপের আহ্বানে সাড়া না দিয়ে আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মারলেন, গাড়ি জ্বালিয়ে দেওয়া শুরু করলেন।
মোহাম্মদ নাসিম ৫ জানুয়ারি গণতন্ত্রের বিজয় দিবস পালনে ঢাকা মহানগরের সব নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামার আহ্বান।
ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে বর্ধিত সভায় আরও বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম প্রমুখ।