নির্বাচন কমিশন দলীয় ভূমিকায় অবতীর্ণ: ফখরুল
নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে আসন্ন পৌরসভা নির্বাচন সুষ্ঠু হবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচন কমিশন প্রথম থেকে যে ভূমিকা পালন করছে, তা নিরপেক্ষ ভূমিকা নয়। তারা পুরোপুরিভাবে দলীয় ভূমিকায় অবতীর্ণ হয়েছে।
কারামুক্তির পাঁচ দিন পর গতকাল রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফখরুল এসব কথা বলেন। দুপুর পৌনে ১২টায় তিনি কার্যালয়ে এলে নেতা-কর্মীরা তাঁকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। এ সময় দলের কেন্দ্রীয় নেতা আসাদুজ্জামান রিপন, ফজলুল হক (মিলন), শিরিন সুলতানা, সৈয়দ মোয়াজ্জেম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, জনগণের ভোটাধিকার, মৌলিক অধিকার ও দেশে গণতন্ত্র ফিরে আনতে বিএনপি এই নির্বাচনে অংশ নিচ্ছে। স্থানীয় সরকার নির্বাচনে সরকার পরিবর্তন হবে না। কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠার একটা সুযোগ আছে। তিনি বলেন, জনগণ ভোট দিতে পারলে এবং বিএনপির প্রার্থীরা নির্বাচনে প্রচারে অংশ নিতে পারলে তাঁরা অবশ্যই ভালো করবেন।
মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচন কমিশন একটু চেষ্টা করলেই সুষ্ঠু নির্বাচন করতে পারে। অতীতে তত্ত্বাবধায়ক সরকারগুলোর সময়ে তারা কিন্তু নিরপেক্ষ ভূমিকা পালন করেছে। এখন যে নির্বাচন কমিশন দেখছি, জাতীয় নির্বাচন থেকে শুরু করে এখন পর্যন্ত তাদের কাছ থেকে নিরপেক্ষতার চিহ্নমাত্র পাইনি।’