‘নির্বাচন কমিশন নিয়ে কথা বলতে আর ইচ্ছে হয় না’ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গত মঙ্গলবার সারা দেশের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে তুমুল সহিংসতা হয়েছে। ১২ জন নিহত হয়েছে। পাঁচ শতাধিক ব্যক্তি আহত হয়েছে। তারপরও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বলেছেন, খুব সুন্দর নির্বাচন হয়েছে।
গতকাল বুধবার দুপুরে পুরানা পল্টনে বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক আলোচনা সভায় ফখরুল এসব কথা বলেন। তিনি বলেন, সিইসির এই বক্তব্যের সঙ্গে বাস্তবতার মিল নেই। ইউপি নির্বাচনের মতো অতীতে পৌরসভা, উপজেলা ও সিটি করপোরেশন নির্বাচনেও একই ঘটনা ঘটেছে।
নির্বাচন সম্পর্কে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনির একটি বক্তব্যেরও কথা উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘সরকারি দলের একজন নেত্রী যিনি আগে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন। তিনি বলেছেন যে এত ভালো নির্বাচন আগে কখনো হয়নি। এই যদি অবস্থা হয়, তাহলে দেশে মানুষ কার কাছে যাবে? কোথায় গিয়ে দাঁড়াবে?’ তিনি বলেন, এ সরকার এক এক করে গণতান্ত্রিক রাষ্ট্রীয় কাঠামোগুলো শেষ করে দিয়েছে। রিজার্ভ চুরি প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, ‘এই সরকারের আমলে টাকা হরিলুট হয়েছে। বাকি ছিল বাংলাদেশ ব্যাংক। সেই ব্যাংকেরও টাকা লোপাট হয়েছে। ওই ঘটনার দুই দিন যেতে না-যেতেই জনতা ব্যাংক থেকে আবার টাকা লুট হয়েছে।’
২০-দলীয় জোটের শরিক জাগপার সহযোগী সংগঠন যুব জাগপা এ আলোচনা সভার আয়োজন করে। ফাইজুর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাতীয় পার্টি (কাজী জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, ন্যাপের সভাপতি জেবেল রহমান গানি প্রমুখ।