নির্বাচন কমিশন নিয়ে কথা বলতে ইচ্ছা হয় না: ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশন নিয়ে কথা বলতে তাঁর আর ইচ্ছে হয় না। আজ বুধবার দুপুরে রাজধানীর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপ ‘সুষ্ঠু ও গ্রহণযোগ্য’ হয়েছে বলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ যে দাবি করেছেন, তার প্রতিক্রিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, এই যদি অবস্থা হয়, তাহলে দেশের মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে?
ভোট গ্রহণ শেষে গতকাল মঙ্গলবার বিকেলে রকিবউদ্দীন বলেন, সার্বিকভাবে নির্বাচন সুষ্ঠু হয়েছে। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন অবাধ ও গ্রহণযোগ্য হয়েছে।
গতকালের নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, নির্বাচনে সারা দেশে তুমুল সহিংসতা হয়েছে। এতে ১২ জন নিহত হয়েছে। পাঁচ শতাধিক লোক আহত হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘এর আগে পৌরসভা নির্বাচন, তার আগে উপজেলা ও সিটি করপোরেশন নির্বাচন দেখেছি। ২০১৪ সালে দেখেছি একেবারে ভোটারবিহীন নির্বাচন।’
মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার এক এক করে গণতান্ত্রিক রাষ্ট্রীয় কাঠামোগুলো শেষ করে দিয়েছে। গণতান্ত্রিক প্রতিষ্ঠান বলতে আর কিছু নেই।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যুব জাগপা ওই আলোচনা সভার আয়োজন করে।