নির্বাচন কমিশন সরকারের ইচ্ছা পূরণে ব্যস্ত: রিজভী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুহুল কবির রিজভী
রুহুল কবির রিজভী

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, সরকার রাহাজানি, তাণ্ডব আর লুটপাট করে দেশকে অস্থিতিশীল করে তুলেছে। আর সরকারের আনন্দের ঢাক-ঢোল পেটাচ্ছে নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশন সরকারের ইচ্ছা পূরণে ব্যস্ত।
রাজশাহী মহানগর বিএনপি কার্যালয়ে আজ শনিবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।
রিজভী বলেন, এই নির্বাচন কমিশন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় জেনেও শুধু গণতন্ত্রের সামান্যতম পরিসরে প্রবেশ করতে পৌর নির্বাচনে অংশ নিয়েছে বিএনপি। তিনি বলেন, বর্তমান সরকার গণবিচ্ছিন্ন। এই সরকার দেশের রাজনৈতিক দলগুলোকে বিচ্ছিন্ন করেছে। এই ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা ২০-দলীয় জোটকেও ভাঙার অপতৎপরতায় লিপ্ত হয়েছে।
৩০ ডিসেম্বর স্থগিত হওয়া পৌরসভাগুলোর নির্বাচন ১২ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বিষয়টি উল্লেখ করে রিজভী অভিযোগ করেন, ওই পৌরসভাগুলোতে বিএনপির প্রার্থী ও সমর্থকদের হয়রানি করা হচ্ছে। সরকারের একটি গোয়েন্দা সংস্থার প্রধানের ভাইকে বিজয়ী করতে নোয়াখালীর চৌমুহনী পৌরসভায় বিএনপি মনোনীত প্রার্থীকে নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। তাঁকে গণসংযোগ করতেও বের হতে দেওয়া হচ্ছে না। সরকার ব্যাপক তাণ্ডব চালাচ্ছে। ফলে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নাই। সেখানে বিএনপির প্রার্থীকে পরাজিত করতে যা যা করার দরকার, তা-ই করছে সরকার। অথচ সেখানে বিএনপির প্রার্থীই এগিয়ে আছেন।

বিএনপির এই যুগ্ম মহাসচিব অভিযোগ করেন, নরসিংদীর মাধবদী পৌরসভায়ও সরকার ভোট ডাকাতির চেষ্টা করছে। সেখানেও তাণ্ডব চালানো হচ্ছে। বিএনপির প্রার্থীকে ভয়ভীতি দেখানো হচ্ছে। ভোট ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে।
সংবিধানিক দায়িত্ব পালন না করে নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ হিসেবে তাদের চাকরির মেয়াদ শুধু দীর্ঘায়িত করছে বলে অভিযোগ করেন বিএনপির নেতা রিজভী। তিনি বলেন, নির্বাচনকেন্দ্রিক যেসব সন্ত্রাস চলছে, তা অবিলম্বে বন্ধ করতে হবে। তা না হলে স্থগিত হওয়া ভোটকেন্দ্রগুলোতেও সুষ্ঠু নির্বাচন হবে না।
সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ শাহীন শওকত খালেক, কাজী হেনা, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।