নির্বাচন কমিশনারদের নাম দেবে বিএনপি
বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে প্রাথমিকভাবে নির্বাচন কমিশনারের নাম প্রস্তাব করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে বিএনপি এ সিদ্ধান্তের কথা জানায়নি। রোববার রাতে বৈঠকে উপস্থিত ছিলেন—দলটির এমন দুজন নেতা প্রথম আলোকে নাম প্রকাশ না করার শর্তে এ কথা জানিয়েছেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের জানান, বৈঠক মুলতবি করা হয়েছে। অনুসন্ধান কমিটির কাছে বিএনপি নাম প্রস্তাব করবে কিনা সোমবার চূড়ান্ত করা হবে।
রোববার সাড়ে নয়টা থেকে প্রায় দেড় ঘণ্টা ব্যাপী ওই বৈঠক অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন গঠনের জন্য রাজনৈতিক দলগুলোর কাছে যে নাম চাওয়া হয়েছে বিএনপি সেই নাম দেবে কিনা—সে ব্যাপারে সিদ্ধান্ত নিতেই ওই বৈঠক ডাকা হয়েছিল।
বৈঠকে উপস্থিত ছিলেন এমন দুজন নেতা প্রথম আলোকে নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, বৈঠকে প্রাথমিকভাবে নির্বাচন কমিশনারের নাম প্রস্তাব করার সিদ্ধান্ত হয়েছে। বিএনপির পাশাপাশি জোটের শরিক দলগুলোও নাম প্রস্তাব করবে। আগামীকালের বৈঠকে নির্বাচন কমিশনারদের নাম চূড়ান্ত করা হবে। পাশাপাশি অনুসন্ধান কমিটির সঙ্গে কাল যে বিশিষ্ট নাগরিকদের বৈঠক ডাকা হয়েছে সেই বৈঠকে কি হয় সেটিও বিএনপি দেখতে চায়।