নির্বাচন কমিশনারের বক্তব্যে জাসদ একাংশের প্রতিবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মশাল প্রতীক জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) হাসানুল হক ইনু ও শিরীন আখতারের নেতৃত্বাধীন অংশকে দেওয়া হয়েছে—একজন নির্বাচন কমিশনারের এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে খণ্ডিত জাসদের অপর অংশ।
এই অংশের সভাপতি শরীফ নূরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান গতকাল সোমবার এক বিবৃতিতে বলেন, জাসদের পক্ষ থেকে ইউপি নির্বাচনে মশাল প্রতীক ব্যবহার বিষয়ে নির্বাচন কমিশনকে অবহিত করা হয়েছে। এ অবস্থায় একজন নির্বাচন কমিশনার ও কমিশন সচিবালয়ের সচিব গণমাধ্যমে জানিয়েছেন যে ইনু-শিরীন অংশকে মশাল প্রতীক ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। বিষয়টি কতটুকু যুক্তিসংগত? কারণ নির্বাচন কমিশন এখনো এ বিষয়ে জাসদকে (আম্বিয়া-প্রধান) কিছু জানায়নি।
তবে গতকাল কমিশন সচিবালয় থেকে জানা যায়, এখন পর্যন্ত জাসদের দুই অংশের কাউকেই কমিশনের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।