আসন্ন নির্বাচন কমিশনে সংখ্যালঘু প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানিয়ে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। সংগঠনটির দাবি, কমিশনে অন্তত একজন সংখ্যালঘু নিয়োগ করতে হবে।
সংগঠনটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার সকালে বঙ্গভবনে এই স্মারকলিপি দেওয়া হয়। রাষ্ট্রপতির সচিব সম্পদ বড়ুয়া তা গ্রহণ করেন। স্মারকলিপি দেওয়ার সময় প্রতিনিধিদলে ছিলেন ঐক্য পরিষদের নেতা হিউবার্ট গোমেজ, নিমচন্দ্র ভৌমিক, কাজল দেবনাথ, রানা দাশগুপ্ত প্রমুখ।
স্মারকলিপিতে বলা হয়, এ দেশের জাতীয় সংসদ নির্বাচনসহ জনপ্রতিনিধিত্বশীল সব সংস্থার যেসব নির্বাচন এর আগে অনুষ্ঠিত হয়েছে, তার পূর্বাপর সময়ের অভিজ্ঞতা আপামর ধর্মীয় জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর জন্য দুঃখজনক ও বেদনার। নির্বাচনী ব্যবস্থার ওপর যাতে ধর্মীয় জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর আস্থা সৃষ্টি হয় সেজন্য নির্বাচন কমিশনে সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তত একজন সংখ্যালঘু বিশিষ্টজন নিয়োগ দেওয়া আবশ্যক।