নির্বাচন কমিশনে গিয়ে নানা অভিযোগ জানাল বিএনপি
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দেশের বিভিন্ন স্থানে দলের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে না দেওয়া, ভয়ভীতি দেখানোসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ করেছে বিএনপি। নির্বাচন কমিশনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে এসব অভিযোগ জানায় বিএনপির একটি প্রতিনিধিদল।
প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। তিনি সাংবাদিকদের বলেন, ‘মাঠ দখল যদি গণতন্ত্রের রীতি হয়ে থাকে, তাহলে ইউনিয়ন পরিষদ নির্বাচনেও একই ফল আসবে। দেখা যাবে ৭৩৮টি ইউপির মধ্যে ৭০০-এর বেশি সরকারি দলের দখলে চলে গেছে। মানুষকে দেখানোর জন্য ৩০-৪০টি বিএনপিকে দেওয়া হবে।’ দলের পক্ষ থেকে কমিশনকে এ আশঙ্কার কথা জানানো হয়েছে।
মঈন খান বলেন, ‘সরকার সরকারি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে মাঠ দখল করছে। অবশ্য সরকারি কর্মকর্তাদের করণীয়ও থাকে না। কারণ, সরকার যখন একজন কর্মকর্তাকে ধমক দিয়ে দেয় যে আমার প্রার্থী পাস না করলে তোমার চাকরি থাকবে না, তখন তারা নিরুপায় হয়ে যায়। বাধ্য হয়ে জালিয়াতি করে তারা সরকারদলীয় প্রার্থীদের জয়ী ঘোষণা করেন।’