নির্বাচন কমিশনের আচরণবিধি বৈষম্যমূলক: হাছান

নির্বাচন কমিশনের আচরণবিধি বৈষম্যমূলক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা হলে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘জননেত্রী শেখ হাসিনার গ্লোবাল উইমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাবেক মন্ত্রী হাসান মাহমুদ বলেন, ‘নির্বাচন কমিশনের বৈষম্যমূলক আচরণবিধির কারণে এমপিরা নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারছেন না। বিএনপিই বরং বাড়তি সুবিধা ভোগ করছে। বিএনপির সাবেক মন্ত্রীরা এমনকি মির্জা ফখরুল ইসলামেরও প্রচারণা করার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নাই। অথচ আমাদের দলের সাধারণ সম্পাদকসহ কোনো এমপি, মন্ত্রীই নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতে পারছেন না। আমরা আশা করব এই বৈষম্য দূর করা হবে।’
হাছান মাহমুদ বলেন, ‘নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে নির্বাচন কমিশনের বিধিবিধানের কারণে আওয়ামী লীগ বৈরিতার শিকার। যেখানে আওয়ামী লীগের কোনো এমপি, মন্ত্রী নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারেন না, সেখানে পার্শ্ববর্তী দেশ ভারতের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, এমপিরাও নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতে পারেন। বাংলাদেশে সিটি করপোরেশন নির্বাচনে এমপিরা প্রচারণা করতে পারেন না। এমপিরা শুধু সরকারি ভাতা পান, বেতন বা অন্য কোনো সুযোগ-সুবিধাও পান না।’
‘বিএনপির বিরুদ্ধে সরকার অপপ্রচার চালাচ্ছে’ বিএনপি নেতা রুহুল কবির রিজভীর এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের এই নেতা বলেন ‘আসলে অপপ্রচারটা বিএনপিই করে। তাঁরা গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে, সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং আমিসহ প্রত্যেকের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’
আয়োজক সংগঠনের সভাপতি জিন্নাত আলি জিন্নাহর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগের নেতা বলরাম পোদ্দার, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন টয়েল প্রমুখ।