বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা ও নির্বাচন কমিশনের ওপর বিদেশি হস্তক্ষেপে ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। দলটির অভিযোগ, নির্বাচনী রোডম্যাপ ঘোষণার সঙ্গে সঙ্গে কমিশনে বিদেশি রাষ্ট্রদূতদের আনাগোনা শুরু হয়েছে। তাঁরা বাংলাদেশের নির্বাচন সম্পর্কে অযাচিত মন্তব্য করছেন।
গত শুক্র ও গতকাল শনিবার অনুষ্ঠিত ওয়ার্কার্স পার্টির দুই দিনব্যাপী পলিটব্যুরোর সভার প্রস্তাবে এ কথা বলা হয়েছে।
সভার প্রস্তাবে বলা হয়েছে, মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাট কমিশনের সঙ্গে এক বৈঠকে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির ভোটারবিহীন নির্বাচনের সঙ্গে ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনকে এক কাতারে ফেলে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মন্তব্য করেছেন। দুর্ভাগ্যজনকভাবে কমিশনও সেই মন্তব্যের সঙ্গে ঐকমত্য প্রকাশ করেছে। এর লক্ষ্য আওয়ামী লীগ ও বিএনপির নেতৃত্বাধীন দুই জোটকে একইভাবে বিবেচনা করা। মার্কিন রাষ্ট্রদূতের পর যুক্তরাজ্যের হাইকমিশনারও কমিশনের সঙ্গে বৈঠক করছেন।
দলটি বলছে, নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান। বাংলাদেশের নির্বাচন পরিচালনা করা তাদের দায়িত্ব। এ ক্ষেত্রে বিদেশি রাষ্ট্রদূতের কী বলার থাকতে পারে, তা বোধগম্য নয়। এটা অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ। যুক্তরাষ্ট্রে ট্রাম্পের নির্বাচনী প্রচার কমিটির কর্তাব্যক্তিরা রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করায় নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ উত্থাপিত হয়েছে। এমন অভিযোগের কারণে ট্রাম্প প্রশাসনের একজন পদত্যাগ করতেও বাধ্য হয়েছেন। অথচ বাংলাদেশে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের রাষ্ট্রদূতেরা খোদ নির্বাচন কমিশনে গিয়ে কমিশনের কাজে নাক গলাচ্ছেন। রাষ্ট্রদূতদের বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে মন্তব্য করা কতটা সমীচীন, সেটাও তাঁরা ভেবে দেখছেন না।