নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নিয়ে বিভ্রান্তি
নির্বাচনের কমিশন গত মঙ্গলবার রাতে প্রচার করেছিল গতকাল বুধবার থেকে দলীয় প্রার্থীদের পোস্টারসহ প্রচারণা চালাতে কোনো বাধা নেই। কিন্তু গতকাল দুপুরে নির্বাচন কমিশন আবারও বৈঠক করে সব প্রার্থী ১৪ ডিসেম্বর থেকে প্রতীক নিয়ে প্রচার চালাতে পারবে বলে ঘোষণা দেয়। তবে ওই কমিশনের আগের সিদ্ধান্ত নিয়ে বিভ্রান্তিতে পড়েন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরসভার এক মেয়র পদপ্রার্থী।
ঈশ্বরগঞ্জ পৌরসভা নির্বাচনে অংশ নেওয়া আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকেরা গতকাল সকাল থেকে নৌকা প্রতীকের পোস্টার সাঁটিয়ে ও মাইকিং করে বিভিন্ন স্থানে প্রচার চালিয়েছেন।
ঈশ্বরগঞ্জ পৌর শহরের কয়েকজন বাসিন্দা জানান, গতকাল বেলা দুইটা থেকে ইজিবাইকে করে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমানের পক্ষে প্রচারণা চালানো হয়। ইজিবাইক ছাড়া একটি মাইক্রোবাসের পেছনে হাবিবুরের পোস্টার দেখা যায়। এ ছাড়া পৌর শহরের বেশ কিছু এলাকায় তাঁর পোস্টারও চোখে পড়ে।
মেয়র প্রার্থী হাবিবুর রহমান বলেন, ‘ঘোষণা ছিল বুধবার থেকে প্রচার চালানো যাবে। পরে গত মঙ্গলবার রাতে উপজেলা রিটার্নিং কর্মকর্তা রাজীব কুমার সরকারকে জিজ্ঞাসা করে পোস্টার ও প্রচারের ব্যবস্থা করি। নির্বাচন কমিশনের পরবর্তী ঘোষণা দুপুরের পর টেলিভিশনের মাধ্যমে জানার পর পোস্টার তুলে ফেলতে বলা হয়েছে।’
রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব কুমার সরকার বলেন, ‘নির্বাচন কমিশনের সিদ্ধান্ত পরিবর্তনের বিষয়ে আনুষ্ঠানিক চিঠি পাইনি। তারপর মেয়র প্রার্থীকে পোস্টার তুলে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।’