নির্বাচন করতে চান ছায়েদুল হকের স্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিলশাদ আরা
দিলশাদ আরা

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন প্রয়াত মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের সহধর্মিণী দিলশাদ আরা। গত শনিবার সন্ধ্যায় নাসিরনগর উপজেলা পরিষদ মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনায় তিনি এই মনোভাবের কথা প্রকাশ করেন।

শনিবার সকালে ঢাকা থেকে নাসিরনগরের উদ্দেশে রওনা হন দিলশাদ আরা। উপজেলার কুণ্ডা ইউনিয়নে আসতেই কয়েক হাজার কর্মী তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় কর্মী-সমর্থকেরা তাঁকে নিয়ে নাসিরনগরের অনুষ্ঠানস্থলে পৌঁছালে উৎসুক জনতার ঢল নামে। জনসভায় শুরুতে প্রয়াত মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করে সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।

সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কয়েক হাজার নেতা-কর্মী ব্যানার, ফেস্টুনসহ বাদ্য বাজিয়ে সমাবেশস্থলে আসেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি রাফিউদ্দিন আহমেদের সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল আহাদ, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার রায়, ছাত্রলীগের আহ্বায়ক শরিফুজ্জামান চৌধুরী, প্রচার সম্পাদক লতিফ হোসেন, ভলাকুট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কার্তিক চন্দ্র দাস, উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি দীপক ভট্টাচার্য। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক অরুণ জ্যোতি ভট্টাচার্য ও সাবেক ভাইস চেয়ারম্যান প্রদীপ কুমার রায়। অনুষ্ঠানে একাধিক বক্তা দিলশাদ আরাকে উপনির্বাচনে সমর্থনের ঘোষণা দেন।

প্রধান অতিথির বক্তব্যে দিলশাদ আরা বলেন, ‘ছায়েদুল হকের সততা বুকে ধারণ করে নাসিরনগরের সাধারণ জনগণের জন্য আজীবন কাজ করে যাব।’

গত ১৫ ডিসেম্বর মন্ত্রী ছায়েদুল হকের মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনটি শূন্য হয়। তাঁর মৃত্যুর শোক কাটতে না কাটতেই উপজেলায় প্রায় এক ডজন নেতা উপনির্বাচনের মনোনয়নের জন্য দৌড়ঝাঁপ শুরু করেছেন। বসে নেই প্রয়াত মন্ত্রীর অনুসারীরাও।

ছায়েদুল হক ব্রাহ্মণবাড়িয়া-১ আসন থেকে ১৯৭৩, ১৯৯৬, ২০০১, ২০০৮ ও ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে সাংসদ নির্বাচিত হন।