নির্বাচন করতে চান ফারুকের স্ত্রী নাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাহার আহমেদ
নাহার আহমেদ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচন করতে চান সন্ত্রাসীদের হামলায় নিহত আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক আহমেদের স্ত্রী নাহার আহমেদ।

টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গতকাল মঙ্গলবার নাহার আহমেদ এ কথা জানান। নাহার বর্তমানে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

সংবাদ সম্মেলনে নাহার আহমেদ বলেন, ফারুক আহমেদের খুনি চক্র অথবা নতুন কোনো অশুভ শক্তি টাঙ্গাইলে যেন হত্যা-সন্ত্রাসের রাজনীতি শুরু করতে না পারে, সে জন্য তিনি আরও ভূমিকা রাখতে চান। তিনি টাঙ্গাইলকে সন্ত্রাসমুক্ত ও মাদকমুক্ত করার জন্য কাজ করবেন।

নাহার বলেন, তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ও সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে মনোনয়ন চাওয়ার বিষয়টি জানান। তাঁরা দুজনেই তাঁকে দোয়া করেছেন। তিনি এখন নির্বাচনী এলাকায় গণসংযোগ শুরু করবেন।

সংবাদ সম্মেলনে, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক তানভীর হাসান, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক সোলায়মান হাসান, মহিলাবিষয়ক সম্পাদক জেবুন্নেসা চায়না, উপদপ্তর সম্পাদক আবদুর রব চান মিয়া, শহর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

নাহার আহমেদের স্বামী মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের সদস্য ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ ২০১৩ সালের ১৮ জানুয়ারি টাঙ্গাইল শহরের কলেজপাড়া এলাকার নিজ বাসার সামনে থেকে উদ্ধার করা হয়। এরপর নাহার আহমেদ নিজে বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় মামলা করেন। ২০১৪ সালে নাহার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে হত্যাকারীদের বিচারের দাবি জানান। পরে পুলিশের তদন্তে বের হয়ে আসে ফারুক আহমেদ হত্যার সঙ্গে টাঙ্গাইল-৩ আসনের আওয়ামী লীগের সাংসদ আমানুর রহমান খান ও তাঁর ভাইদের জড়িত থাকার বিষয়টি। এরপর আওয়ামী লীগের স্থানীয় নেতারা চুপ হয়ে যান। কারণ, তখন টাঙ্গাইলে আমানুর ও তাঁর ভাইদের একচ্ছত্র আধিপত্য ছিল।

এই অবস্থায় ‘নির্যাতিত আওয়ামী সমর্থক পরিবার’ ব্যানারে ফারুক আহমেদ হত্যার বিচারের দাবিতে মাঠে নামেন নাহার আহমেদ। আন্দোলনের মুখে সাংসদ আমানুর ও তাঁর তিন ভাই এবং তাঁদের সমর্থকেরা টাঙ্গাইল ছেড়ে আত্মগোপন করেন। ২০১৫ সালে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের নতুন কমিটি থেকে বাদ পড়েন সাংসদ আমানুর ও তাঁর ভাইয়েরা। নাহার আহমেদের নেতৃত্বে সন্ত্রাসবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারীরা জেলা আওয়ামী লীগে গুরুত্বপূর্ণ পদ পান।

নাহার আহমেদ ছাড়া আরও তিনজন দলীয় মনোনয়ন পেতে কাজ করে যাচ্ছেন। টাঙ্গাইল পৌরসভা ও ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত টাঙ্গাইল-৫ আসনের বর্তমান সাংসদ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছানোয়ার হোসেন। তিনিও দলীয় মনোনয়ন চাইবেন। দেশের বাইরে থাকায় তাঁর সঙ্গে কথা বলা যায়নি। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম ও পৌর মেয়র জামিলুর রহমান মনোনয়ন চাইবেন বলে জানান।