নির্বাচন কারও জন্য থেমে থাকবে না : মতিয়া চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মতিয়া চৌধুরী। ফাইল ছবি
মতিয়া চৌধুরী। ফাইল ছবি

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেছেন, ২০১৮ সালের নির্বাচনে বিএনপি অংশ না নিলেও ওই নির্বাচন থেমে থাকবে না। তিনি বলেন, ২০১৪ সালে নির্বাচন বয়কট করে তারা সন্ত্রাস, জ্বালাও-পোড়াও আন্দোলন শুরু করেছিল। বাবার চোখের সামনে ছেলেকে পুড়িয়ে মেরেছিল। তাঁরা অগ্নি-সন্ত্রাস করেও ওই নির্বাচন থামাতে পারেনি। তখন বিএনপি অংশ না নিলেও অন্য দলগুলো নির্বাচনে অংশ নিয়েছে। সারা বিশ্বে ওই নির্বাচন গ্রহণযোগ্যতা পেয়েছে।
আজ শনিবার দুপুরে শেরপুরের নকলা উপজেলার বাউসা দিশারী উচ্চবিদ্যালয় মাঠে অসহায়, গরিব ও দুস্থ মানুষের মধ্যে জামাকাপড় এবং গরিব মেধাবী শিক্ষার্থীদের মধ্যে জামাকাপড় ও আর্থিক প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।

মতিয়া চৌধুরী বলেন, জিয়াউর রহমানের আমলে যুবসমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গিয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। মাদক থেকে যুবসমাজকে রক্ষার জন্য সারা দেশে মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন অভিযান পরিচালনা করছে। মাদকসেবী বা ব্যবসায়ী যদি আওয়ামী লীগেরও হয়, তাকে আইনের আওতায় আনা হবে। কোনো ছাড় দেওয়া হবে না।

কৃষিমন্ত্রী বলেন, শেখ হাসিনা যত চ্যালেঞ্জ নিয়েছেন ততই সাফল্য পেয়েছেন। কোনো ষড়যন্ত্র করে বিএনপি শেখ হাসিনাকে দমাতে পারবে না। এই দেশকে উন্নত, আধুনিক দেশ হিসেবে গড়তে শেখ হাসিনার সরকারের বিকল্প নেই।
মতিয়া চৌধুরী আরও বলেন, বিএনপি সরকারের আমলে কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে আসে। কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া তাদের দিকে একবারের জন্যও ফিরে তাকাননি। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরম মমতা দিয়ে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন। তাদের দুঃখ দুর্দশা স্বচক্ষে পরিদর্শন করে সব মানবিক ব্যবস্থা গ্রহণ করেছেন। সারা বিশ্বে শেখ হাসিনার কর্মকাণ্ড প্রশংসিত হয়েছে। তিনি (হাসিনা) এ ইস্যুকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরেছেন। ফলে অং সান সু চি ও মিয়ানমারের সামরিক জান্তাকে আন্তর্জাতিক মহলের কাছে এখন কৈফিয়ত দিতে হচ্ছে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মল্লিক আনোয়ার হোসেন, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, নকলার উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম মাহবুবুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার সরকার, পৌর মেয়র হাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ, শিক্ষাবিষয়ক সম্পাদক আলতাব আলী প্রমুখ উপস্থিত ছিলেন।