নির্বাচন গ্রহণযোগ্য করতে নেতা-কর্মীদের মুক্ত করতে হবে: মাহবুব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান বলেছেন, সিটি নির্বাচনে বিএনপির যেসব নেতা সম্ভাব্য প্রার্থী, তাঁরা বিভিন্ন মামলার কারণে আত্মগোপনে আছেন, অনেকে কারাগারে। সরকার সত্যিকারভাবে নির্বাচন গ্রহণযোগ্য করতে চাইলে তাঁদের ‘মুক্ত’ করতে হবে। মিছিল-সমাবেশ করতে দিতে হবে। 
অন্যদিকে যেসব সম্ভাব্য প্রার্থী এবং ভোটার ৫৪ ধারায় গ্রেপ্তার আছেন, সিটি নির্বাচনকে সামনে রেখে তাঁদের জামিনের সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সমর্থক বিশিষ্ট নাগরিকদের সংগঠন শত নাগরিক-এর আহ্বায়ক এমাজউদ্দীন আহমদ। সবাই যেন ইচ্ছামতো ভোট দিতে পারেন, এবং প্রার্থীরা যেন ভোট চাইতে পারেন সে ব্যবস্থা করারও দাবি জানান তিনি।
আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভার তাঁরা এসব কথা বলেন। বাংলাদেশ বৌদ্ধ ফ্রন্ট ‘মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্রের সংকট উত্তরণের উপায়’ শীর্ষক ওই আলোচনার আয়োজন করে।
নেতা-কর্মীদের ‘মুক্ত’ করার ব্যাখ্যা জানতে চাইলে মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, যাঁদের নামে মামলা আছে তাঁদের জামিনের ব্যবস্থা করতে হবে।
এমাজউদ্দীন বলেন, একটি অস্বাভাবিক অবস্থায় সিটি করপোরেশন নির্বাচন হচ্ছে। বিভিন্ন পর্যায়ের অনেক প্রার্থী আত্মগোপনে আছেন, অনেকে কারাগারে। নির্বাচন কমিশনকে উদ্দেশ করে তিনি বলেন, সাজাপ্রাপ্ত বা চার্জশিটভুক্ত আসামিরা বাদে ৫৪ ধারায় ‘বহু হাজার’ লোক জেলে আছে। নির্বাচন সঠিক করতে হলে তাদের জামিনের সুযোগ করে দিতে হবে। জামিন নিয়ে বের হয়ে এসে যেন তারা ভোট দিতে পারে। এটা তাদের অধিকার।
এমাজউদ্দীন বলেন, নির্বাচন কমিশন আইন মাফিক নির্বাচন করতে ব্যর্থ হলে তাদের মস্ত বড় মূল্য দিতে হবে। তিনি বলেন, ভোটাররা যেন ইচ্ছামতো ভোট দিতে পারেন, প্রার্থীরা যেন ভোট চাইতে পারেন সে ব্যবস্থা করতে হবে। এ জন্য সভা-সমাবেশ, মিছিল-মিটিং করতে দিতে হবে।
মাহবুবুর রহমান বলেন, বিএনপি গণতন্ত্র ও নির্বাচনে বিশ্বাসী। এ মুহূর্তে জাতীয় নির্বাচন সবচেয়ে বেশি জরুরি। সিটি নির্বাচনের বিষয়েও বিএনপি ইতিবাচক। নির্বাচন ‘ফেস’ করার মতো জনসমর্থন বিএনপির আছে। কিন্তু ৫ জানুয়ারির মতো নির্বাচন হলে চলবে না। নির্বাচন গ্রহণযোগ্য করতে হবে। সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।
অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুকোমল বড়ুয়া, আয়োজক সংগঠনের সভাপতি পুলক কান্তি বড়ুয়া প্রমুখ বক্তব্য দেন।