নির্বাচন থেকে পালানোর অভ্যাস ছাড়ুন, খালেদার প্রতি নাসিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ নাসিম। ফাইল ছবি
মোহাম্মদ নাসিম। ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আন্দোলন ও নির্বাচন থেকে পালানোর অভ্যাস ত্যাগ করে ২০১৯ সালের নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। আজ শুক্রবার দুপুরে তিনি সিরাজগঞ্জে আওয়ামী লীগের এক সভায় এ আহ্বান জানান।
আজ সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় আওয়ামী লীগের বর্ধিত সভা ছিল। এ সময় মোহাম্মদ নাসিম বিএনপি চেয়ারপারসনকে উদ্দেশ করে বলেন, ‘আপনারা দীর্ঘ ৯২ দিন জনগণের বিরুদ্ধে যুদ্ধ করে শূন্য হাতে ঘরে ফিরেছেন। এটি আপনার চরম পরাজয়। জনগণের কাছে সারেন্ডার ছাড়া আর কিছুই নয়।’
এ ছাড়া স্থলসীমান্ত চুক্তি নিয়েও বিভিন্ন কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, বর্তমান সরকার বিনা যুদ্ধে সমুদ্র ও স্থল সীমা জয় করেছে। এ জন্য বাঙালি জাতি ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নাগরিক সংবর্ধনা দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। খালেদা জিয়া এই বিশাল অর্জনের জন্য শেখ হাসিনাকে ধন্যবাদ না দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ দিয়েছেন। অথচ তাঁরা দীর্ঘ ৩৪ বছর ইন্দিরা-মুজিব চুক্তিকে গোলামি চুক্তি হিসেবে প্রচারণা চালিয়েছেন। যা আজ মিথ্যাচার হিসেবে প্রমাণিত হয়েছে।
কাজীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেনের সভাপতিত্বে বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, কাজীপুর উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান প্রমুখ।
এর আগে মোহাম্মদ নাসিম উপজেলা পরিষদ চত্বরে কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যসেবা গ্রহণে জনসচেতনতামূলক প্রচারের রাজশাহী বিভাগের কার্যক্রমের উদ্বোধন করেন।