নির্বাচন থেকে সরার ষড়যন্ত্র করছেন খালেদা, অভিযোগ মেননের

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আসন্ন সিটি করপোরেশন নির্বাচন থেকে সরে আসার ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। আজ বুধবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবে সাম্যবাদী দল আয়োজিত আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মেননের অভিযোগ, নির্বাচনে লাভবান না হওয়ার আশঙ্কায় নির্বাচন থেকে সরে আসার ষড়যন্ত্র করছেন বিএনপি নেত্রী। তাঁর নির্বাচনী কর্মীবাহিনীর প্রধান হচ্ছে জামায়াতের কর্মীরা। জঙ্গি ও মৌলবাদী শক্তিকে সঙ্গে নিয়ে সিটি নির্বাচন থেকে সরে আসার জন্য তাঁর উসকানিমূলক কর্মকাণ্ড দেশের মানুষের কাছে স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে।
সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আরও বক্তব্য দেন অধ্যাপক মেজবাহ কামাল, অধ্যাপক এম এম আকাশ, সাম্যবাদী দল নেতা এম এ গণি, বাবুল বিশ্বাস এবং ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মনজুর আহমেদ মিঠু প্রমুখ।