নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর ঘোষণা বিএনপি প্রার্থীর
ঢাকার কেরানীগঞ্জ উপজেলার শুভাঢ্যা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী হায়াত আলী ভান্ডারী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় হায়াত আলী ভান্ডারী পারগেন্ডারিয়া এলাকায় তাঁর বাসভবনে সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে হায়াত আলী ভান্ডারী বলেন, তিনি অসুস্থতার কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। কোনো রাজনৈতিক চাপে নয় এবং কারও হুমকিতেও নয়। দল থেকে তাঁকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়া হয়েছিল। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে স্বেচ্ছায় নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি।
এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি আহ্বায়ক মো. নাজিমউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, হায়াত আলী ভান্ডারীর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়টি তাঁকে জানানো হয়নি।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা বশির উদ্দিন আহমেদ বলেন, প্রতীক বরাদ্দের পর কোনো প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার বা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সুযোগ থাকে না। কোনো প্রার্থী যদি নির্বাচন থেকে বিরত বা সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন সেটি তাঁর ব্যক্তিগত ব্যাপার। আগামী ৩১ মার্চ শুভাঢ্যাসহ ১১টি ইউনিয়নের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
শুভাঢ্যা ইউনিয়নে চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী প্রতীক বরাদ্দের পর থেকে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ শুরু করেন। প্রার্থীরা হচ্ছেন আওয়ামী লীগ সমর্থিত বর্তমান চেয়ারম্যান ইকবাল হোসেন (নৌকা), বিএনপি সমর্থিত হায়াত আলী ভান্ডারী (ধানের শীষ), ইসলামী আন্দোলনের লুৎফর রহমান (হাত পাখা), জাতীয় পার্টির জাফর আলী (লাঙল), স্বতন্ত্র মো. সোহেল রেজা (আনারস)।