নির্বাচন দেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বারবার দাবি করা সত্ত্বেও চট্টগ্রাম জেলা সমবায় অধিদপ্তর নগরের খুলশী এলাকার জালালাবাদ কো-অপারেটিভ হাউজিং সোসাইটির নির্বাচন দিতে গড়িমসি করছে বলে অভিযোগ করেছেন এর সদস্যরা। তাঁদের দাবি, সোসাইটির একজন সদস্যকে অবৈধভাবে প্লট পাইয়ে দেওয়ার উদ্দেশ্যেই সমবায় অধিদপ্তর নির্বাচন দিচ্ছে না। দফায় দফায় অ্যাডহক কমিটি করে তারা নির্বাচন বিলম্বিত করছে।

গতকাল শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন জালালাবাদ কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের সদস্যরা।

জালালাবাদ হাউজিং মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. শামসুল হক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান। সংবাদ সম্মেলনে জানানো হয়, আবাসনের ব্যবস্থা করার লক্ষ্যে ১৯৭৫ সালে জালালাবাদ কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এর সদস্য সংখ্যা ৩২০ জন। সমবায় আইন অনুসারে ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে সোসাইটির কার্যক্রম পরিচালিত হয়। হাউজিং সোসাইটির সর্বশেষ নির্বাচিত কমিটির মেয়াদ শেষ হয় গত বছরের অক্টোবরে। এরপর তিন দফা নির্বাচনের তারিখ পড়েছে। কিন্তু সমবায় অধিদপ্তর নানা কৌশলে নির্বাচনের প্রক্রিয়া বন্ধ রেখেছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম জেলা সমবায় কর্মকর্তা মো. মাহবুবুর রহমান ভূঁইয়া বলেন, হাউজিং সোসাইটির বেশ কিছু সদস্যের বিরুদ্ধে নানা ধরনের অনিয়মের অভিযোগ আছে। সেগুলোর তদন্ত চলছে। এ কারণেই নির্বাচন আপাতত স্থগিত করে রাখা হয়েছে। অবৈধভাবে কাউকে প্লট পাইয়ে দেওয়ার প্রশ্নই আসে না। যাঁরা এসব অভিযোগ তুলছেন বরং তাঁরাই ওই সদস্যের বৈধ প্লট দখল করে রেখেছেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, আইনে বিধান না থাকা সত্ত্বেও সম্প্রতি সমবায় অধিদপ্তর তৃতীয় দফায় অ্যাডহক কমিটি গঠন করে সোসাইটি পরিচালনার ভার কমিটির হাতে দিয়ে রেখেছে। আইন অনুযায়ী অ্যাডহক কমিটি শুধু ব্যবস্থাপনা নির্বাহ ও নির্বাচন অনুষ্ঠানের কাজ করতে পারবে। কিন্তু অ্যাডহক কমিটি সোসাইটির একজন সদস্যকে অবৈধভাবে একটি প্লট দেওয়ার পাঁয়তারা করছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জালালাবাদ হাউজিং মালিক সমিতির সভাপতি মো. হোসেইন আহমেদ, সহসভাপতি মো. আবদুর রহমান, মো. শামসুল আলম, সদস্য মো. সোলায়মান প্রমুখ।