নির্বাচন নয়, ক্ষমতার নিশ্চয়তা চায় বিএনপি: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নির্বাচন নয়, ক্ষমতার নিশ্চয়তা চায়। অন্যদিকে সবার অংশগ্রহণে একটি সুন্দর নির্বাচন চায় আওয়ামী লীগ। কিন্তু এতে কেউ অংশ নেবে কি না, সেটি তাদের দলের সিদ্ধান্তের ব্যাপার।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সাংসদদের স্বাস্থ্যবিষয়ক ফোরাম ‘বাংলাদেশ পার্লামেন্টারি ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিয়িং’ আয়োজিত এক সেমিনারে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
হাছান মাহমুদ বলেন, বিএনপির কাছে একমাত্র সমাধান হচ্ছে এমন একটি কমিশন, যেটি আগে থেকেই বিএনপিকে ক্ষমতায় বসানোর নিশ্চয়তা দেবে। তিনি বলেন, বিএনপিকে আসলে নির্বাচনভীতি পেয়ে বসেছে। এ জন্য নির্বাচন নিয়ে সব সময় নেতিবাচক কথা বলে আসছে।
সুশীল সমাজসহ সবার সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) আলোচনা অত্যন্ত ইতিবাচক বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, সেখানে কে যেতে পারে বা না পারে, সেটা তার ব্যক্তিগত ইচ্ছা। কিন্তু ইসির এই উদ্যোগকে স্বাগত জানাই।
তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা অবশ্যই চাই দেশে সবার অংশগ্রহণের মাধ্যমে একটি অত্যন্ত সুন্দর নির্বাচন হোক, বিএনপি ও সব দল তাতে অংশ নিক। কিন্তু কেউ অংশ নেবে কি নেবে না, সেটি তাদের নিজস্ব দলের সিদ্ধান্তের ব্যাপার।’
হাছান মাহমুদ বলেন, বিএনপির নেতৃত্বে অগ্নিসন্ত্রাস করে জীবন্ত মানুষ পুড়িয়ে হত্যার মামলায় মির্জা ফখরুলসহ বিএনপির নেতারা হুকুমের আসামি, সেটি এখনো বিচারাধীন। এগুলোর বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হওয়া প্রয়োজন। কারণ, রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এভাবে জীবন্ত মানুষ পুড়িয়ে হত্যা সমসাময়িক বিশ্বে কোথাও ঘটেনি।
‘২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ এবং অসংক্রামক রোগ প্রতিরোধে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ অর্জন করা সরকারের লক্ষ্য। কিন্তু ১৮ বছরের মধ্যে দেশকে তামাকমুক্ত করা সহজ কাজ নয়। জনসমক্ষে ধূমপানের বিরুদ্ধে আইন করা এবং সামাজিক প্রচারণা বাড়ায় ধূমপায়ীর সংখ্যা কমছে। এরপরও লক্ষ্য অর্জনে প্রয়োজন অব্যাহত ক্যাম্পেইন।
হাছান মাহমুদ বলেন, দেশে আড়াই কোটি মানুষের মাথাপিছু আয় এখন পাঁচ হাজার ডলারের বেশি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অগ্রগতি অব্যাহত থাকলে আগামী পাঁচ থেকে সাত বছরের মধ্যে এই সংখ্যা দ্বিগুণ হবে। তখন পাঁচ কোটি মানুষের মাথাপিছু আয় গিয়ে দাঁড়াবে পাঁচ হাজার ডলারের বেশি। গত ১৩ বছরে বাংলাদেশ বহুদূর এগিয়েছে। মানুষের মাথাপিছু আয় ১৩ বছর আগে ছিল ৬০০ ডলার আর এখন ২ হাজার ৬০০ ডলার।
‘বাংলাদেশ পার্লামেন্টারি ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিয়িং’–এর চেয়ারম্যান মো. হাবিবে মিল্লাতের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ।
সেমিনারে তামাক আইন সংশোধনের নানা দিক উপস্থাপন করেন স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ নিজাম উদ্দিন আহমেদ। তিনি বলেন, ২০১৭-১৮ অর্থবছরে দেশে তামাক ব্যবহারের অর্থনৈতিক ক্ষতি ৩০ হাজার ৫৬০ কোটি টাকা আর তামাক খাতের রাজস্ব আয় হয়েছে ২২ হাজার ৮১০ কোটি টাকা।