জাতীয় পার্টির (জাপা) জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান রওশন এরশাদ বলেছেন, আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে কোনো ভুল করা চলবে না। নির্বাচন নিয়ে যে সিদ্ধান্ত নেওয়া হবে, তাতে অটল থাকতে হবে। একবার সিদ্ধান্ত নিয়ে পরক্ষণে তা পাল্টানো যাবে না।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জাপার যৌথসভায় রওশন এরশাদ এ কথা বলেন। এ সময় দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ উপস্থিত ছিলেন। গত সংসদ নির্বাচনের দিকে ইঙ্গিত করে রওশন এরশাদ বলেন, এবার যোগ্যতার ভিত্তিতে প্রার্থী দিতে হবে। আবেগে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না।
যৌথসভায় এরশাদ নতুন নির্বাচন কমিশনকে স্বাগত জানান। তিনি বলেন, ‘আমরা এই ইসির অধীনে সুষ্ঠু নির্বাচন চাই। নতুন প্রধান নির্বাচন কমিশনার কথা দিয়েছেন সুষ্ঠু নির্বাচন করবেন, আমরাও তা চাই। গাইবান্ধার উপনির্বাচন নতুন কমিশনের প্রথম নির্বাচন। এ নির্বাচনে যদি ইসি নিরপেক্ষতার পরিচয় দিতে না পারে, জাতি তাদের ক্ষমা করবে না।’
দলের কো-চেয়ারম্যান জি এম কাদের বলেন, ‘জাতীয় পার্টি সাম্প্রদায়িক না, অসাম্প্রদায়িকও না। আমরা মধ্যপন্থী।’