নির্বাচন নিয়ে দুর্বৃত্তদের দৌরাত্ম্য বেড়েই চলেছে: ফখরুল
আসন্ন পৌরসভার ভোট নিয়ে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর দাবি, ভোটাররা যাতে নির্বাচনী পদ্ধতি ভুলে যান, সে চেষ্টা চালাচ্ছে ক্ষমতাসীন দল। গণতন্ত্রহীনতা এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অনুপস্থিতির কারণেই নির্বাচন নিয়ে দুর্বৃত্তদের দৌরাত্ম্য বেড়েই চলেছে।
আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব বিষয় উল্লেখ করেন মির্জা ফখরুল।
বিবৃতিতে অভিযোগ করা হয়, বিনা ভোটে স্থানীয় ক্ষমতা আয়ত্তে নিতে বিএনপিসহ বিরোধী প্রার্থীদের ওপর নির্যাতন-নিপীড়ন চালানো হচ্ছে। জনগণের কাছে জবাবদিহি নেই বলেই ক্ষমতাসীন গোষ্ঠী আধিপত্য বজায় রাখতে বিরোধী প্রার্থীদের রক্তে হাত রঞ্জিত করছে।
আওয়ামী লীগ জনগণের আস্থা থেকে অনেক দূরে সরে গেছে দাবি করে মির্জা ফখরুল বলেন, দেশকে বিরোধী দলহীন করার জন্য সরকারি যন্ত্রকে লাগামহীনভাবে ব্যবহার করা হচ্ছে। এ অবস্থার অবসানে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
বিবৃতিতে বলা হয়, কুমিল্লার লাকসাম পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির সম্ভাব্য মেয়র পদপ্রার্থী ও নেতাদের ওপর হামলা হয়েছে। এই হামলার জন্য আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগকে দায়ী করেছে বিএনপি।