নির্বাচন নিয়ে সংসদে বিএনপি–আইনমন্ত্রীর পাল্টাপাল্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইনমন্ত্রী আনিসুল হক ও বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ

বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ বলেছেন, বিএনপিকে কীভাবে নির্বাচনে আনবে, সেটা সরকারের বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় অবশ্যই নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার আনতে হবে।

এই বক্তব্যের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে উচ্চ আদালতের রায়ের এক সুতাও বাইরে যাবে না সরকার। তিনি প্রশ্ন করেন, বিএনপি কী পাকিস্তানে থাকে যে সেখান থেকে ডেকে আনতে হবে?

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ২০২২–২৩ অর্থবছরের বাজেটে প্রস্তাবিত দায়যুক্ত ব্যয় ব্যতীত অন্যান্য ব্যয়–সম্পর্কিত মঞ্জুরি দাবির ওপর আলোচনায় তাঁরা এসব কথা বলেন। নির্বাচন কমিশন সচিবালয়ের মঞ্জুরি দাবির আলোচনায় সংসদে নির্বাচন কমিশন ও নির্বাচনী ব্যবস্থার কঠোর সমালোচনা করেন বিএনপির সংসদ সদস্যরা।

বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ বলেন, আওয়ামী লীগ একসময় বলেছিল, আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না। এখন বিএনপিকে ছাড়া কি নির্বাচন গ্রহণযোগ্য হবে? পারবেন না।

সরকারের সদিচ্ছা না থাকলে কোনোভাবেই নির্বচান সুষ্ঠু হবে না—মন্তব্য করে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ বলেন, গত ১০ বছরে নির্বাচন কমিশনের ওপর মানুষের অনাস্থা তৈরি হয়েছে। এখন নির্বাচন কমিশন নির্বাচন করে না। নির্বাচন করে প্রশাসন। তাই তিনি এই বরাদ্দ নির্বাচন কমিশনকে না দিয়ে প্রশাসন ও পুলিশ প্রশাসনকে দেওয়ার পরামর্শ দেন।

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, যখন দেশে নির্বাচন থাকে, তখন নির্বাচন কমিশনের প্রশ্ন আসে। যদি নির্বাচন না থাকে, দিনের ভোট রাতে হয়, তখন নির্বাচন কমিশন দিয়ে কী হবে?

নির্বাচন কমিশনার আহসান হাবিব খানের একটি বক্তব্য উদ্ধৃত করে রুমিন বলেন, গোপন বুথে ডাকাত বড় চ্যালেঞ্জ। এই ডাকাত শুধু দলীয় ডাকাত নয়, পুলিশ প্রশাসনও এই ডাকাতি করে। এই ডাকাতির পর যেভাবে পুরস্কৃত করা হয়, ভবিষ্যতে ডাকাত আরও বাড়বে।

রুমিন বলেন, সাবেক নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীনকে পুরস্কার হিসেবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব করা হয়। অবসরে যাওয়ার ২৪ ঘণ্টা আগে তিনি ইউরোপ সফরে যান। সে সফরের অভিজ্ঞতা তিনি অবসর জীবনে কাজে লাগাবেন। এভাবে পুরস্কৃত করতে থাকলে বিনা ভোটে সংসদ গঠন চলতেই থাকবে।

রুমিন বলেন, আওয়ামী লীগের একটি পুরোনো খেলা আছে। জাতীয় নির্বাচন সামনে থাকলে তার আগে স্থানীয় সরকার নির্বাচনগুলো মোটামুটি সুষ্ঠু করা হয়। ২০১৪ সালেও এই খেলা দেখা গেছে।

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের প্রসঙ্গ টেনে রুমিন বলেন, সেখানে একজন সংসদ সদস্যকে নির্বাচন কমিশন সামাল দিতে পারেনি। তার হুমকি–ধমকি সহ্য করতে পারেনি। বারবার অনুরোধ করে তাঁকে এলাকা থেকে সরাতে পারেনি। যে কমিশন একজন সংসদ সদস্যকে সামলাতে পারে না, তারা জাতীয় নির্বাচনে ৩০০ সংসদ সদস্যকে কীভাবে সামলাবেন। এই কমিশনের অধীনে ভোট কোনোভাবেই সুষ্ঠু হবে না।

জাতীয় পার্টির সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারি বলেন, নির্বচান কমিশন যত শক্তিশালী হবে, তত্ত্বাবধায়ক সরকারের দাবি তত যৌক্তিকতা হারাবে। তিনি নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনী পুলিশ গঠনের প্রস্তাব করেন।

জাতীয় পার্টির সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী বলেন, ইভিএমের কোনো দোষ নেই। যারা ইভিএমে প্রভাব খাটায়, ব্যালটেও তারা প্রভাব খাটাতে পারে। এ বিষয়টি বন্ধ করতে হবে।

জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ বলেন, নির্বাচন করে রাজনৈতিক দলগুলো। তারা যদি সুষ্ঠু পরিবেশ করে দিতে না পারে, তাহলে নির্বাচন কমিশন ঢাকায় বসে কিছুই করতে পারবে না। আসলে নির্বাচন কমিশনসহ কোনো কমিশনই স্বাধীন নয়। সব সরকারের আমলেই এটি হয়েছে, এটি চলতেই থাকবে। তিনি বলেন, সবাই নির্বাচনে জিততে চায়। এখানে কোনো এথিকস মানে না। যেদিকে শক্তি বেশি থাকে, স্থানীয় প্রশাসনও সেদিকে চলে যায়।

গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খান বলেন, চারটি দল শুধু ইভিএমের পক্ষে আর বেশির ভাগই বিপক্ষে। আজ্ঞাবহ না হয়ে নির্বাচন কমিশনকে জনগণের প্রতি শ্রদ্ধা জানিয়ে ইভিএম বাদ দিয়ে গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

আইনমন্ত্রীর জবাব

বিএনপির সদস্যদের বক্তব্যের জবাবে সংসদ কাজে নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘এই সংসদে দাঁড়িয় দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, বাংলাদেশের সর্বোচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকারকে অবৈধ ঘোষণা দিয়েছেন। উচ্চ আদালতের এই রায়ের এক সুতাও বাইরে সরকার যাবে না। কারণ, বর্তমান সরকার আইনে বিশ্বাস করে। আইনের শাসনে বিশ্বাস করে।’

আইনমন্ত্রী বলেন, বিএনপি বারবার বলছে, তাদেরকে নির্বাচনে আনতে হবে। তারা কী পাকিস্তানে থাকে যে সেখান থেকে ডেকে আনতে হবে? তারা তো বাংলাদেশে থাকে। বাংলাদেশে হয় নির্বাচন। উনারা নির্বাচন করতে চাইলেই নির্বাচন করতে পারে।

আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, সুষ্ঠু নির্বাচনের যে জন্য প্লেয়িং ফিল্ড দরকার, সেটা করা হবে। এর পদক্ষেপ হচ্ছে নির্বাচন কমিশন গঠন আইন। সেটা করা হয়েছে।

বিএনপির আমলের বিভিন্ন নির্বাচনের সমালোচনা করে আইনমন্ত্রী বলেন, বাংলাদেশে ১৯৯৬, ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালে নির্বাচন সুষ্ঠু হয়েছে।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁদের নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছিলেন মন্তব্য করে আনিসুল হক বলেন, বিশ্বের কোথাও বোধ হয় নির্বাচন শতভাগ সুষ্ঠু হয় না। কারণ, মানুষমাত্রই ভুল হয়। যার কারণে হয়তো আধা শতাংশ, ১ শতাংশ ভুল থাকে।

পরে জননিরাপত্তা বিভাগের বরাদ্দ নিয়ে আলোচনায় আইনমন্ত্রীর বক্তব্যের পাল্টা জবাব দেন বিএনপির সংসদ সদস্যরা। হারুন বলেন, ফাঁকা মাঠে গোল দেওয়াতে কোনো কৃতিত্ব নেই। তিনি বিএনপিকে নির্বাচনে আনতে বলেননি। পররাষ্ট্রমন্ত্রী বিএনপিকে নির্বাচনে আনতে যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ করেছেন। বিএনপি নির্বাচনে না এলে নির্বাচন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্যতা পাবে না। তত্ত্বাবধায়ক সরকারের উদ্ভাবক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাঠে মূল প্লেয়ার দুটি—আওয়ামী লীগ বিএনপি। দুই দলকেই মাঠে রাখতে হবে।

রুমিন ফারহানা বলেন, আইনমন্ত্রী বলেছেন ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন সুষ্ঠু হয়েছে। যে নির্বাচনে তারা ক্ষমতায় আসে, সেটা ভোটারবিহীন হোক আর রাতের ভোটে হোক, সেটা তাদের কাছে সুষ্ঠু মনে হবে এটাই স্বাভাবিক।