বিএনপির প্রার্থী প্রত্যয়ন করবেন শাহজাহান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী প্রত্যয়ন করে নির্বাচন কমিশনকে জানাবেন দলটির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তাঁকে এই ক্ষমতা দিয়েছেন। বিষয়টি চিঠি দিয়ে আজ শনিবার ​নির্বাচন কমিশনকে জানানো হয়েছে।

বিএনপির সহ প্রচার সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের নেতৃত্বে দলের তিন সদস্যের প্রতিনিধি সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে গিয়ে চিঠি পৌঁছে দেন। নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব শামসুল আলম চিঠি গ্রহণ করেন।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর লেখা বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাসের সই করা চিঠিতে বলা হয়েছে, শাহজাহানকে দলের প্রার্থী মনোনয়নের ক্ষমতা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, আইনে বলা আছে যে মফস্বলে প্রার্থী কে চূড়ান্ত করবেন; দলীয় প্রধান বা সাধারণ সম্পাদক সেটা ইসিকে জানাবেন। কাকে ক্ষমতা দেওয়া হয়েছে, তা ২৩৬টি পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাকে জানাতে হবে। তার একটি করে অনুলিপি আজকে নির্বাচন কমিশনকে দিয়েছে বিএনপি।

অনুলিপিগুলোতে মো. শাহজাহানের একটি নমুনা স্বাক্ষর রয়েছে। আর সেটি সত্যায়িত করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

পরে সৈয়দ এমরান সালেহ প্রিন্স প্রথম আলোর কাছে অভিযোগ করেন, তাদের দলের স্থানীয় পর্যায়ের নেতারা সত্যায়নের এই চিঠি বিভিন্ন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দিতে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাকে পাচ্ছেন না। অনেক জায়গার নির্বাচন কমিশনের কার্যালয় বন্ধ পাওয়া গেছে। বিষয়টি বিএনপি ইসিকে জানিয়েছে।