আবারও নির্বাচন পেছাতে বলল বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে আজ রোববার দুপুরে সংবাদ সম্মেলনে বিএনপির প্রতিনিধিদলের নেতা ওসমান ফারুক বলেছেন, তাঁরা কমিশনের কাছে পৌরসভা নির্বাচন ১৫ দিন পেছানোর দাবি করেছেন। এ ছাড়া বিএনপির সেসব নেতা-কর্মী আটক রয়েছেন, তাঁদের ছেড়ে দিতে হবে। একই সঙ্গে বাইরে থাকা নেতা-কর্মীদের ধরপাকড় বন্ধের ব্যবস্থা নিয়ে সব দলের জন্য সমান সুযোগ সৃষ্টি করতে হবে।

আওয়ামী লীগের সাংসদদের প্রচারের সুযোগ দেওয়ার দাবির ব্যাপারে ওসমান ফারুক বলেন, আওয়ামী লীগের দাবি অনুযায়ী প্রচারের সুযোগ দিলে সরকার ও নির্বাচন কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে।

ওসমান ফারুক বলেন, ‘আমরা লিখিত দাবি করেছি যে জানুয়ারির মধ্যে ৫০ লাখ নতুন ভোটার অন্তর্ভুক্ত হবে। ভোট দেওয়ার সুযোগ দিয়ে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। তাড়াহুড়ো না করে ধীরেসুস্থে তফসিল ঘোষণা করলে তারা ভোট দিতে পারবে। নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড দরকার। কিন্তু বর্তমানে সেটা নেই। যেভাবে আমাদের নেতা-কর্মীদের ধড় পাকড় করা হচ্ছে, এতে নেতা কর্মীরা পালিয়ে বেড়াচ্ছে। এভাবে সুষ্ঠু নির্বাচন হবে না। আমাদের মহাসচিবসহ সবার মুক্তি দাবি করছি। এ ছাড়াও সরকারের কর্মকর্তা ও এমপিরা যাতে নির্বাচনকে প্রভাবিত করতে না পারে সে বিষয়ে ব্যবস্থা নিতে বলেছি। এ প্রসঙ্গে সিইসি আমাদের আশ্বস্ত করেছেন, নির্বাচন সুষ্ঠু হওয়ার যা যা করা দরকার তা সবই করবেন।’