আসন্ন পৌরসভা নির্বাচনের তফসিলে দলীয় প্রার্থী বাছাই এবং মনোনয়ন চূড়ান্ত করে নির্বাচন কমিশনকে তা জানানোর জন্য যে সময় দেওয়া হয়েছে, তা যথেষ্ট নয়। তাই নির্বাচন পেছানোর দাবি তুলেছে বিএনপি ও ক্ষমতাসীন মহাজোটের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।
এর মধ্যে বিএনপি গতকাল শুক্রবার সংবাদ সম্মেলন করে নির্বাচন ১৫ দিন পিছিয়ে পুনঃ তফসিল ঘোষণার দাবি করে কিছু পর্যবেক্ষণ তুলে ধরে। তাতে বলা হয়, প্রার্থীর প্রত্যয়নকারী মনোনয়ন করে তা রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনে পাঠানোর জন্য মাত্র পাঁচ দিন সময় দেওয়া হয়েছে। তফসিল ঘোষণা থেকে মনোনয়নপত্র দাখিলের দিন পর্যন্ত সময় দেওয়া হয়েছে ১০ দিন। এত কম সময়ে এ কাজ সম্পন্ন করা কঠিন হয়ে পড়বে। এ ছাড়া কমিশনের লোকবলের সংকট না থাকা সত্ত্বেও প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছে দলটি।
আর, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা গতকাল এক বিবৃতিতে বলেছেন, এই প্রথমবারের মতো দলভিত্তিক স্থানীয় সরকার নির্বাচন হতে যাচ্ছে। এ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো মতবিনিময় করা হয়নি। তফসিলে দলীয় মনোনয়ন চূড়ান্তকরণ, মনোনয়নপত্র দাখিল ও প্রার্থী বাছাই-প্রক্রিয়ায় যথেষ্ট সময় দেওয়া হয়নি। এত কম সময়ের মধ্যে নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করা দুরূহ হয়ে পড়বে।
বিবৃতিতে বলা হয়, নির্বাচন কমিশন নিজেও সঠিকভাবে প্রস্তুত নয়, তাদের আচরণে তা লক্ষণীয়। তাই নির্বাচন আরও কিছুদিন পিছিয়ে দেওয়ার দাবি তুলে ওয়ার্কার্স পার্টি বলেছে, আইনি বাধ্যবাধকতার কথা বলে তাড়াহুড়ার মাধ্যমে এ নির্বাচন করা হলে দলীয়ভাবে নির্বাচন করার যে ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা ক্ষতিগ্রস্ত হবে।
তফসিল পেছানোর এই দাবি সম্পর্কে আওয়ামী লীগের অবস্থান কী, তা জানতে চাইলে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রথম আলোকে বলেন, ‘তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এখন কমিশন তফসিল পেছাবে কি পেছাবে না, তা কমিশনের ব্যাপার। এ বিষয়ে আমরা হ্যাঁও বলব না, নাও বলব না।’
প্রায় একই কথা বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফও। তিনি বলেন, ‘তফসিল পেছানো হবে কি না, তাতে আমাদের কিছু যায় আসে না।’
বিএনপি ও ওয়ার্কার্স পার্টির নির্বাচন পেছানোর দাবির বিষয়ে জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদ প্রথম আলোকে বলেন, জানুয়ারিতে ভোটার তালিকা হালনাগাদের খসড়া ও চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত এসএসসি ও এইচএসসি পরীক্ষা চলবে। সে ক্ষেত্রে নির্বাচন পেছালে জুনের আগে তা করা সম্ভব নয়। ওই সময়ে কমিশনকে ইউনিয়ন পরিষদ নির্বাচন করতে হবে। যে কারণে ডিসেম্বরের মধ্যে পৌর নির্বাচন করা ছাড়া ভিন্ন কোনো উপায় নেই।
এর আগে পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ প্রশ্নে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গত বুধ ও বৃহস্পতিবার দলের জ্যেষ্ঠ নেতা ও জোটের শরিকদের সঙ্গে বৈঠক করেছেন। এরপর গতকাল সকালে বিএনপি সংবাদ সম্মেলন করে এ বিষয়ে দলের অবস্থানের কথা জানায়।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন বলেন, পরিবেশ পেলে বিএনপি সব নির্বাচনেই অংশ নিয়ে থাকে। পৌর নির্বাচনেও বিএনপি শর্ত সাপেক্ষে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের উদ্দেশে দলের কিছু পর্যবেক্ষণ তুলে ধরেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিপন বলেন, এই পর্যবেক্ষণগুলোই শর্ত।
পর্যবেক্ষণে বিএনপি বলেছে, নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ করার জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ জরুরি। কিন্তু তফসিল ঘোষণার আগ থেকেই সম্ভাব্য প্রার্থী, পোলিং এজেন্ট ও দলীয় প্রচার কর্মীদের নির্বাচন থেকে দূরে রাখতে গণগ্রেপ্তার চলছে। গণগ্রেপ্তার বন্ধ ও গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের মুক্তি না দিলে নির্বাচন অবাধ হবে না।
বিধিমালায় মনোনয়নপত্র দাখিলের ক্ষেত্রে দলের একজন প্রার্থীকে মনোনয়ন দেওয়ার বিধান রাখা হয়েছে, যা রাজনৈতিক অপকৌশল। কারণ, দলের মনোনীত প্রার্থীর মনোনয়ন বাতিল হলে এ পদে সে দলের কোনো বিকল্প প্রার্থী থাকার সুযোগ নেই। ফলে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের ক্ষেত্রে এ বিধানটি সরকারি কূটকৌশলের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হবে বলে বিএনপি মনে করছে।
নির্বাচনী পর্যবেক্ষক নিয়োগের তালিকাভুক্তির জন্য সংগঠনগুলোকে মাত্র তিন দিন সময় দেওয়া নিয়ে প্রশ্ন তুলে বিএনপি বলছে, অনেক সংস্থা ইচ্ছা থাকলেও পর্যাপ্তসংখ্যক পর্যবেক্ষক নিয়োগের সময় ও সুযোগ পাবে না। দলটির মতে, বর্তমানে দেশের সংবাদমাধ্যম নিয়ন্ত্রিত। তাই জনমত গঠন ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ইন্টারনেটে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো খুলে দেওয়ার দাবি জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, আগামী ২ জানুয়ারি নতুন ৫০ লাখ তরুণ ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন। এর মাত্র তিন দিন আগে, অর্থাৎ ৩০ ডিসেম্বর পৌর নির্বাচনের তারিখ নির্ধারিত হওয়ায় নতুন ভোটাররা ভোট দিতে পারবেন না। এই অবস্থায় ৫০ লাখ ভোটারের ভোটাধিকার প্রয়োগের স্বার্থে নির্বাচনের তারিখ অন্তত ১৫ দিন পিছিয়ে দেওয়া অত্যাবশ্যক।
কমিশন সচিবালয়ের একাধিক কর্মকর্তা জানান, ৩১ জানুয়ারি হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। প্রকাশের পর ইউনিয়ন, পৌরসভা, উপজেলা, সংসদীয় আসন ও সিটি করপোরেশনওয়ারি ভোটার তালিকা বিন্যাস করতে এক মাসের মতো সময় লাগে। যে কারণে নির্বাচন ১৫ দিন বা এক মাস পিছিয়ে দিলেও নতুনদের ভোট দেওয়ার সুযোগ থাকবে না।
এ প্রসঙ্গে নির্বাচন কমিশনার আবদুল মোবারক প্রথম আলোকে বলেন, বিএনপি আইনের এই অংশটুকু বুঝলে এ দাবি করত না। বরং বলতে পারত, দেড় মাস পিছিয়ে দেওয়া হোক। কিন্তু বাস্তবতা হলো, কমিশনকে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করতে হবে। তফসিল পেছানোর কোনো সুযোগ নেই।’