নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে এত কথা বিএনপির: মেনন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বিমান মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই বিএনপি সার্চ কমিটি নিয়ে এত কথা বলছে। তাঁর দাবি, বিএনপি জানে তারা নির্বাচনে হেরে যাবে। তাই হারার আগাম অজুহাত তৈরি করতেই এই পন্থা।
আজ শনিবার বিকেলে দলের ঢাকা মহানগর কমিটির সভায় মেনন এসব কথা বলেন। রাজধানীর তোপখানা রোডে শহীদ আসাদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রপতির সঙ্গে কূটনৈতিকদের সাক্ষাৎ চাওয়ার প্রশ্নে বিস্ময় প্রকাশ করে মেনন বলেন, দেশের নির্বাচন সম্পর্কে বাইরের কোনো হস্তক্ষেপ তারা গ্রহণ করবেন না। বাংলাদেশ এমন জায়গায় দাঁড়িয়ে নেই যে, দেশের অভ্যন্তরীণ ব্যাপারে অন্যের হস্তক্ষেপ মেনে নেবে।
সভায় ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা ও মহানগর কমিটির নেতারা উপস্থিত ছিলেন।