নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে চান খালেদা: হাছান মাহমুদ
পৌর নির্বাচনে বিএনপির ভরাডুবি টের পেয়েই খালেদা জিয়া নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। তিনি দাবি করেন, প্রকৃতপক্ষে অনেক পৌর এলাকায় ২০-দলীয় জোটের নেতা-কর্মীরা সরকারদলীয় কর্মীদের ওপর হামলা করছে ও উসকানিমূলক বক্তব্য দিয়ে নির্বাচনের পরিবেশকে উত্তপ্ত করার চেষ্টা করছে।
আজ সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে হাছান মাহমুদ এসব কথা বলেন। গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়া জানাতে চট্টগ্রামে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
বাংলাদেশের নির্বাচনের পরিবেশ পার্শ্ববর্তী ভারতের পৌর নির্বাচনের চেয়ে অনেক ভালো, উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘২০-দলীয় জোটের এত উসকানির পরও আমরা আমাদের নেতা-কর্মীদের ধৈর্য ধরার ও শান্ত থাকার অনুরোধ জানিয়েছি। দু-একটি ঘটনা যেগুলো ঘটেছে, সেগুলো বিচ্ছিন্ন ঘটনা। বিএনপির উসকানিই এর জন্য দায়ী।’
হাছান মাহমুদ বলেন, ‘গত সংসদ নির্বাচন বর্জন করে তাঁরা যে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন, খালেদা জিয়া নিশ্চয়ই সেটি অনুধাবন করতে সমর্থ হয়েছেন। এ কারণে তিনি যে নির্বাচনে শেষ পর্যন্ত থাকার ঘোষণা দিয়েছেন, এ ঘোষণার জন্য ধন্যবাদ জানাই। একই সঙ্গে অনুরোধ করব, নির্বাচনের দিন বেলা ১১টা কিংবা ১২টার দিকে আবার নতুন অভিযোগ উপস্থাপিত করবেন না।’
আওয়ামী লীগের সময়ে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান, খালেদা জিয়ার এই বক্তব্যকে ‘কৌতুক’ বলেও আখ্যা দেন হাছান মাহমুদ। তিনি এ প্রসঙ্গে বলেন, বাংলাদেশে জঙ্গিবাদের প্রধান পৃষ্ঠপোষক খালেদা জিয়া। শুধু বাংলাদেশই নয়, খালেদা জিয়া জঙ্গিদের আন্তর্জাতিক নেটওয়ার্কেরও অন্যতম পৃষ্ঠপোষক।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেমউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মফিজুল রহমান ও নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম।