নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়নি: সিইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কে এম নুরুল হুদা
কে এম নুরুল হুদা

সুনামগঞ্জ-২ আসনের উপনির্বাচন এবং কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন আজ অনুষ্ঠিত হলেও সবার দৃষ্টি ছিল কুমিল্লার ওপর। আজকে অনুষ্ঠিত নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়নি। আজ বৃহস্পতিবার রাজধানীতে নির্বাচন কমিশন সচিবালয়ে এক প্রেস বিফ্রিংয়ে এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

কে এম নুরুল হুদা বলেন, বিচ্ছিন্ন দু-একটি ঘটনা ছাড়া সফলভাবে নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আজ দুটি নির্বাচন হলেও সবার দৃষ্টি ছিল কুমিল্লার ওপর। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বর্তমান কমিশনের অধীনে সব কটি নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন এর ব্যতিক্রম নয়।

সিইসি বলেন, কুমিল্লার দুটি ভোটকেন্দ্রে নতুন করে ভোট গ্রহণ হবে। ঢাকা থেকে কুমিল্লা ও সুনামগঞ্জের নির্বাচন পর্যবেক্ষণ (মনিটর) করা হয়েছে। নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছ থেকে খুদে বার্তার মাধ্যমে (এসএমএস) তথ্য সংগ্রহ করা হয়েছে। বিভিন্ন মাধ্যম থেকে তথ্য পাওয়ার পর সমস্যার সমাধান করা হয়েছে এবং মাঠপর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

কোনো দল থেকে অভিযোগ এসেছিল কি না—সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, বিএনপির কাছ থেকে অভিযোগ এসেছিল। কিন্তু তাদের অনেক অভিযোগই সঠিক ছিল না।

সকাল থেকে ভোট গ্রহণের পরিবেশ ভালো ছিল; বিকেল থেকে জাল ভোটের অভিযোগ পাওয়া গেছে—সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে কে এম নুরুল হুদা বলেন, ব্যাপক কোনো কিছু হয়নি। নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়নি। কোথায় কোনো কিছু হলে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি।

এ সময় নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, শাহাদাত হোসেন চৌধুরী ও ইসি সচিব মোহাম্মদ আবদুল্লাহ উপস্থিত ছিলেন।