
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন ও সুনামগঞ্জ-২ আসনের উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে হয়েছে। নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়নি। তাঁরা সুষ্ঠু নির্বাচন করতে সফল হয়েছেন।
ভোট গ্রহণের পর গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সিইসি নুরুল হুদা এ কথা বলেন।
নির্বাচনের বিভিন্ন অনিয়মের বিষয়ে বিএনপির করা অভিযোগের বিষয়ে কে এম নুরুল হুদা বলেন, ‘কোনো অভিযোগ পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি। কারা নির্বাচনে প্রভাব বিস্তার করে, বিশৃঙ্খলা করে, সেটা তো আমরা জানি না। যারাই গিয়েছিল তাদের দমন করেছি। নির্বাচনী পরিবেশ মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণে এনেছি। যেখানে ভোট বন্ধ ছিল চালু করেছি।’
বিএনপি এই নির্বাচনকে ইসির জন্য অগ্নিপরীক্ষা বলেছিল, এই অগ্নিপরীক্ষায় আপনারা পাস করেছেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নুরুল হুদা বলেন, ‘বুড়ো হয়ে গেছি আর কত পরীক্ষা দেব। পরীক্ষা তো টু-থ্রি-ফোর থেকে শুরু হয়। এখন কোনো পরীক্ষার বিষয় না, কাজ করার বিষয়।’
কুমিল্লা সিটি করপোরেশনে ব্যালট পেপার ছিনতাইসহ নানা অনিয়ম হয়েছে, এ বিষয়ে সিইসির ব্যাখ্যা কী, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নুরুল হুদা বলেন, ‘এটার ব্যাখা তো আমি করতে পারি না। নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে, এমন খবর কোথাও থেকে শুনিনি।’
কোনো দল থেকে অভিযোগ এসেছিল কি না, এ প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘বিএনপির কাছ থেকে অভিযোগের ফ্যাক্স এসেছিল। সঙ্গে সঙ্গে সেগুলো মাঠের পরিস্থিতির সঙ্গে মিলিয়ে দেখেছি। কিন্তু তাদের আপত্তিগুলো অধিকাংশ সঠিক ছিল না।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, শাহাদাৎ হোসেন চৌধুরী, ইসি সচিব মোহাম্মদ আবদুল্লাহ প্রমুখ।