বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কোনো ফুটবল খেলা নয়। ফাঁকা মাঠে গোল দেওয়ার বিষয়ও নয়। নির্বাচন একটি রাষ্ট্রব্যবস্থা, একটি রাষ্ট্রের জনগণের ভবিষ্যৎ।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীতে এক আলোচনা সভায় বিএনপির ৫ জানুয়ারির নির্বাচন বর্জনের বিষয়ে আওয়ামী লীগের নেতাদের বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল ইসলাম এ কথা বলেন। ডা. শামসুল আলম খান মিলনের ২৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ’৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্রঐক্য এ আলোচনার আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, ‘অবৈধ সরকারের নেতারা অনেক বড় বড় বক্তৃতা করছেন। তাঁরা প্রায়ই বলছেন, তোমাদের নির্বাচনে আসতে বলেছিলাম। তোমরা আসনি, আমরা কী করব।’ তিনি বলেন, তখন সমগ্র দেশের মানুষ রাজপথে নেমে এসেছিল এ জন্যই যে আওয়ামী লীগের অধীনে নির্বাচন হলে তারা ভোটের ফলাফল পাল্টে দিয়ে ক্ষমতা চিরস্থায়ী করবে। সে জন্যই তারা সে নির্বাচনে যায়নি। দেশের ৪২টি নিবন্ধিত রাজনৈতিক দলের ৩০টি দল সে নির্বাচন বর্জন করেছিল।
মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের মানুষ সে নির্বাচনকে মেনে নেয়নি, এ সরকারকেও বৈধতা দেয়নি। বিশ্বের কোনো দেশও বৈধতা দেয়নি।
বিএনপির এই নেতা বলেন, অনেকে প্রশ্ন করেন, তাহলে এই যে জাতিসংঘে যাচ্ছে, বিভিন্ন দেশে যাচ্ছে? এটা তো সব সময়ই যাচ্ছে। দেশে যদি সামরিক সরকার থাকে, তারাও যায়। তাদের কথাও শোনে। তিনি আওয়ামী লীগকে এরশাদের চেয়েও ‘খারাপ’ বলে মন্তব্য করে বলেন, ‘আজ দেশে যে অবস্থা বিরাজ করছে, তা দুঃসহ। বলতে পারব না, লিখতে পারব না। রাস্তায় সভা-মিছিল করা যায় না। ঘরে বসে সভা করলেও গ্রেপ্তার করা হচ্ছে।’
আমান উল্লাহ আমানের সভাপতিত্বে আলোচনা সভায় ’৯০-এর গণ-অভ্যুত্থানে শরিক ছাত্র আন্দোলনের নেতাদের মধ্যে শামসুজ্জামান, আসাদুজ্জামান, হাবিবুর রহমান, খায়রুল কবির, ফজলুল হক, নাজিম উদ্দিন আলম, মোস্তাফিজুর রহমান, মোয়াজ্জেম হোসেন, আসাদুর রহমান, সাইফুদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।