
পৌরসভা নির্বাচন অবাধ, সুষ্ঠু হবে না জেনেও গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি। তবে দলীয় প্রার্থীরা শেষ পর্যন্ত নির্বাচন বর্জন করবেন কি না, তা পরিস্থিতির ওপর নির্ভর করবে।
গতকাল মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।
বিকেলে বিএনপির একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে কমিশনকে সাংবিধানিক দায়িত্ব সঠিকভাবে পালনের আহ্বান জানিয়েছে।
এর আগে ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিয়েও ভোটের দিন দুপুরে কেন্দ্র দখল ও কারচুপির অভিযোগ এনে নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছিল বিএনপি ও দল-সমর্থিত প্রার্থীরা।
পৌর নির্বাচন নিয়ে শঙ্কার পেছনের কারণ ব্যাখ্যা করে মির্জা ফখরুল বলেন, ‘পৌর নির্বাচনেও মনোনয়নপত্র ছিনিয়ে নেওয়া হয়েছে। আপনারা দেখেছেন, ফেনীতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছে। তাই আপনারা জানেন, কেন আমরা এই আশঙ্কা প্রকাশ করছি।’
নির্বাচন কমিশনের সঙ্গে বিএনপির সাক্ষাৎ: গতকাল বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে সাক্ষাৎ করে। সাক্ষাৎ শেষে মঈন খান সাংবাদিকদের বলেন, বিএনপি সুষ্ঠু, অবাধ নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়েছে।
তিনি বলেন, মনোনয়নপত্র দাখিলের শুরু থেকে বিভিন্নভাবে বিএনপির নেতা-কর্মীরা বাধার মুখে পড়েছেন। অনেকে প্রার্থী হতে পারেননি। বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। ইসি বিষয়টি দেখবে বলে তাঁদের আশ্বস্ত করেছে।
এ বিষয়ে সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ সাংবাদিকদের বলেন, ‘আমাদের কাছে বিএনপির যাঁরা সাহায্য চেয়েছেন, তাঁদের সাহায্য করেছি।’ পৌরসভা নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে আশা প্রকাশ করে সিইসি বলেন, ‘সবাইকে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছি।’ নির্বাচনের পরিবেশ অনুকূলে রাখতে কমিশন ব্যবস্থা নিচ্ছে জানিয়ে সিইসি বলেন, ‘সংসদ সদস্যদের প্রচারে যেতে বারণ করেছি। তিনজন সাংসদকে শোকজ করেছি।’
বিএনপির প্রতিনিধিদলে অন্যদের মধ্যে ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আলিম, আবদুর রশীদ সরকার, বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন ও যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল।
কর্মসূচি: গতকাল সকালে গুলশান কার্যালয়ে যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেন বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন। কর্মসূচির মধ্যে আছে ১৪ ডিসেম্বর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার শ্রদ্ধা নিবেদন, বিকেলে প্রেসক্লাবে দলের পক্ষ থেকে আলোচনা সভা। বিজয় দিবসের কর্মসূচির মধ্যে আছে ১৬ ডিসেম্বর খালেদা জিয়ার নেতৃত্বে জাতীয় স্মৃতিসৌধ ও জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন। বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় দিবসের শোভাযাত্রা ও ১৮ ডিসেম্বর আলোচনা সভা। জেলা, মহানগর, উপজেলা পর্যায়েও বিএনপি এ ধরনের কর্মসূচি পালন করবে।